ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শেখ হাসিনাকে ঘিরে তীব্র সমালোচনা কেন?
- শেখ হাসিনাকে ঘিরে যে তীব্র সমালোচনা দেখেন, সেটা বাংলাদেশের অন্য প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখা যায় না কেন?
কয়েকদিন আগে একজন আমাকে ফোনে জানালেন আপনি তো বলেছিলেন সোহেল তাজ এর সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত স্নেহের ভরে কথা বলতে দেখেছেন। তাহলে সোহেল তাজ শেখ হাসিনার সম্পর্কে অনেক আপত্তিকর কথা কেন বলছেন ?
বিষয়টি পর্যালোচনা করা যাক:
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বা উনার সময়ে যারা রাজনীতি করেছেন, তারা বাংলাদেশী রাজনীতির Founder Elite। তারা মনে করতেন মুজিব সহকর্মী, সমকক্ষ, জুনিয়র, মফস্বলের বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা। ফলে মেয়ের নেতৃত্ব মেনে নেওয়া তাদের জন্য মনস্তাত্ত্বিকভাবে কঠিন। এখানে ডঃ কামাল হোসেনেরসহ অন্যান্যদের কথা ভেবে নেয়া যায়।
ঐ পর্যায়ের নেতাদের ছেলে-মেয়েদের মধ্যে এই মনোভাব দ্বিতীয় প্রজন্মে ট্রান্সফার হয়েছে। একে বলা হয় Inherited Political Rivalry। তারা মনে করে আওয়ামী লীগ তাদের হাতছাড়া হওয়া সম্পত্তি। বদরুদ্দিন ওমর এর উদাহরণ টানা যায়। তার বাবা আবুল হাসিম পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধুর চেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা ও বেঙ্গল এসেম্বলি'র মেম্বার ছিলেন।
পাকিস্তান হওয়ার পর বদরুদ্দিন ওমর সুবিধা করতে পারেননি। বঙ্গবন্ধু সম্পর্কে নানা অসত্য বলেছেন, পাকিস্তানি গোয়েন্দাদের রিপোর্ট কিম্বা পাকিস্তানি লেখকদের বই পড়লে সহজেই বোঝা যায়। রুমিন ফারহানা যখন বিএনপিতে ছিলেন তখন বঙ্গবন্ধুর ও তার বাবার সম্পর্ক সম্পর্কে তার বক্তব্য শুনে আপনার কি মনে হয়?
অন্য প্রধানমন্ত্রী ক্ষেত্রে শেখ হাসিনার মতো সমালোচনা দেখা যায় না তার কারণ তাদের বাবা শেখ হাসিনার বাবার সমকক্ষ, সমসাময়িক, বা উচ্চপর্যায়ের ছিলেন না। বঙ্গবন্ধুর সাথে আদৌ তুলনীয় না হওয়ায় পরবর্তী প্রজন্ম হিসেবে সমালোচনা থেকে অব্যাহতি পেয়ে গেছেন।
এলিট সার্কুলেশন তত্ত্ব - Elite Circulation Theory সম্পর্কে ইতালীয় সমাজবিজ্ঞানীর বই 'The Mind and Society 1916 by Vilfredo Pareto' পড়ে দেখতে পারেন।
২. দ্বিতীয় প্রজন্মের উচ্চাকাঙ্ক্ষা:
বাবা মন্ত্রী-নেতা ছিলেন, কিন্তু ছেলে আর সেই জায়গা পায়নি। তখন তার সামনে দুটি পথ - বর্তমান নেতৃত্বের মোসাহেবী করে কিছু সুযোগ-সুবিধা নিয়ে ছোট হয়ে থাকা, অথবা নেতৃত্বকে অবৈধ প্রমাণের প্রাণান্তকর চেষ্টা করে নিজে বা জোটবদ্ধ হয়ে বিকল্প হওয়ার চেষ্টা করা। দ্বিতীয়টা অনেক বেশি লাভজনক। সোহেল তাজ এর একটি ভালো উদাহরণ হতে পারে। তবে এর সাথে উনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে একটি ঘটনা শোনা যায় যা অগ্নিতে ঘৃতাহুতি হতে পারে।
৩. দীর্ঘ শাসনের স্বাভাবিক প্রতিক্রিয়া
দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তিনটি শ্রেণী বিরুদ্ধে যাবেই, এটা সব দেশেই হয়। বিরোধিতার ধরন মানুষের শিক্ষা, সংস্কৃতি ও ক্রিটিকাল চিন্তা করার ক্ষমতার উপর ইন্টেনসিটির তারতম্য ঘটে।
ক. বঞ্চিত ধনী ও ব্যবসায়ী এলিট: দীর্ঘ শাসনে নতুন ব্যবসায়ী গ্রুপ তৈরি হয়। পুরনো ধনাঢ্য পরিবার যারা আগে সুবিধা পেত, তারা নিজেদেরকে বঞ্চিত মনে করে। তাই তারা নিরাপদ দূরত্ব থেকে সমালোচনা করে, কারণ সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়াতে ঝুঁকি বেশি। তারা ক্ষমতার মধ্যে তাদের পক্ষে সুপারিশ করার লোক খুঁজে বের করে নিরাপদ থাকে। উল্টোপক্ষ ক্ষমতায় গেলে তো কথাই নেই, তাদের অবদানের স্বীকৃতির জন্য সরব হন। আব্দুল আউয়াল মিন্টু,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর কথা স্মরণ করা যেতে পারে।
খ. জ্ঞানীগুণী বা বুদ্ধিজীবী শ্রেণি: সমাজবিজ্ঞানে একে বলে Counter-Elite। ক্ষমতার খুব কাছে থাকলে বুদ্ধিজীবীর গুরুত্ব কমে যায়। ক্ষমতা থেকে দূরে থাকলে তার কদর বাড়ে। তাই অনেক বুদ্ধিজীবী ইচ্ছে করেই ক্ষমতাকে কঠোর ভাষায় আক্রমণ করে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখেন। ভাষা যত অশালীন হবে, আলোচনা তত বেশি হবে - এটা Attention Economy।
মাসুদ কামাল, গোলাম মাওলা রনি'র কথা উল্লেখ করা যায়।
গ) বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং অন্যান্য বুদ্ধিজীবীদের একপেশে সমালোচনা:
এদের মধ্যে একটা গ্রুপ কিছু পেতে চায়। তারা এসব সমালোচনা করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। দৃষ্টি আকর্ষণ করতে পারলে উপদেষ্টা, রাষ্ট্রদূত, বিদেশি মিশনে পোস্টিং কিংবা আর্থিক বা প্রশাসনিক ক্ষমতাসম্পন্ন পদ পাওয়ার জন্য আকাঙ্খিত। পদ পেয়ে সমালোচনার ক্ষুরধার থাকে না। দিলারা জামান, বর্তমান প্রধানমন্ত্রীর কোন কোন উপদেষ্টা এই ক্যাটাগরিতে পড়ে।
4. ক্ষমতায় ফেরার সম্ভাবনার সাথে সমালোচনার সম্পর্ক:
যখনই কোন নেতার ক্ষমতায় ফেরার লক্ষণ দেখা যায়, তখনই তার প্রতিপক্ষরা সবচেয়ে বেশি সক্রিয় হয়। কারণ, যদি তিনি সত্যিই না ফেরেন, তাহলে সমালোচনা করে কোনো ঝুঁকি নেই। যদি ফেরার সম্ভাবনা থাকে, তাহলে এখনই তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে, যাতে ফিরলেও দুর্বল হয়ে ফেরেন।
এটা ব্যক্তিগত দরদ বা উন্নয়নের গবেষণামূলক মূল্যায়ন থেকে আসে না। এটা আসে তিনটি স্বার্থের সংঘাত থেকে - পারিবারিক, রাজনৈতিক বা উত্তরাধিকারের দ্বন্দ্ব- আন্দালিব পার্থ, তথ্যমন্ত্রীর কথা বিবেচনা করা যায়; অর্থনৈতিক এলিটের বাজার দখলের লড়াই, এবং বুদ্ধিজীবী এলিটের প্রাসঙ্গিক থাকার লড়াই।
উপসংহার:
দীর্ঘদিন ক্ষমতায় থাকা যেকোনো নেতার ক্ষেত্রেই - শেখ হাসিনা, মাহাথির মোহাম্মদ, বা লি কুয়ান ইউ এর ক্ষেত্রে- একই ধরনের তীব্র, অনেক সময় শালীনতার সীমা ছাড়ানো সমালোচনা দেখা গেছে। এটা একমাত্র বাংলাদেশের ঘটনা নয়। তবে বাংলাদেশের মানুষ ও বুদ্ধিজীবীদের মানের উপর সমালোচনার ধরন, বস্তুনিষ্ঠতা ও ভাষা ব্যবহার নির্ভরশীল।
লেখক : মোঃ নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব।