ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দিতে চায় রাশিয়া টুডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৫, ২৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দিতে চায় রাশিয়া টুডে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান রাশিয়া টুডে (আরটি)। পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে পেশাগত সহযোগিতা বাড়ানো এবং বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যমের কনটেন্ট তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।

রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় গতকাল শনিবার রাতে বাংলাদেশি সাংবাদিকদের জন্য আয়োজিত এক বিশেষ সেমিনারে এসব বিষয় উঠে আসে। রাশিয়ান হাউস ইন বাংলাদেশের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক সাংবাদিক অংশ নেন।

সেমিনারে বক্তব্য দেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান আন্না কোভতুনোভা। রুসলান ইমায়েভ ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা’ এবং আন্না কোভতুনোভা ‘আরটি একাডেমির সঙ্গে শিক্ষামূলক সুযোগ’ বিষয়ে উপস্থাপনা করেন।

বর্তমানে গণমাধ্যমের ধরন ও দর্শক-পাঠকের সংবাদ গ্রহণের অভ্যাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। টেলিভিশন ও সংবাদপত্রের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল ভিডিও কনটেন্ট সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে সংবাদ কীভাবে আরও আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করা যায়, তা নিয়ে আলোচনা করেন রুসলান ইমায়েভ। তিনি সংবাদ উপস্থাপন, কনটেন্ট নির্মাণ এবং দর্শক-পাঠকদের সম্পৃক্ত করার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

অন্যদিকে, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বাড়াতে আরটি একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির বিষয় তুলে ধরেন আন্না কোভতুনোভা। তিনি জানান, অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের জন্য এ ধরনের কর্মসূচি আয়োজনের বিষয়ে আরটি একাডেমির আগ্রহ রয়েছে বলেও সেমিনারে জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়। তিনি গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সংলাপ, অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে সাংবাদিকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ কনটেন্ট, সাংবাদিকতার পরিবর্তিত পরিবেশ, গণমাধ্যমের ভবিষ্যৎ ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আরটি প্রতিনিধিদের প্রশ্ন করেন অংশগ্রহণকারীরা। আলোচনায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের বিষয়টিও গুরুত্ব পায়।

বাংলাদেশের গণমাধ্যমে আরটির কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় আসে। বিশেষ করে বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যমের কনটেন্ট তৈরি ও প্রকাশের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথাও জানায় আরটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারে অংশ নেওয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমের চাহিদা ও বাস্তবতা সম্পর্কে ধারণা পেয়েছে আরটি একাডেমি। ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত সহযোগিতার মাধ্যমে এ ধরনের যোগাযোগ আরও বিস্তৃত হতে পারে।

রাশিয়া টুডে, সংক্ষেপে আরটি, রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ২০০৫ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি টেলিভিশন, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ভাষায় সংবাদ ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রচার করে। আরটি একাডেমি সাংবাদিকতা ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!