ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ইউপি নির্বাচনে কোন ধাপে কবে ভোট, জানাল নির্বাচন কমিশন
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।
বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের এ তথ্য জানান।
তিনি জানান, দেশে মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।
ইসির সিনিয়র সচিব বলেন, গত ৩১ আগস্ট ঘোষিত ভোটার সংখ্যার তুলনায় নতুন তালিকায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে এ তালিকা ব্যবহার করা হবে।
এদিকে, পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।