ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

গোপালগঞ্জে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ১০১ হিসাব জব্দের উদ্যোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ২৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ১০১ হিসাব জব্দের উদ্যোগ
ফাইল ছবি

গোপালগঞ্জে আন্দোলনে অর্থায়ন ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ১০১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। তালিকায় রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী, সাবেক আমলা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি। এ ছাড়া চারটি করদাতা প্রতিষ্ঠানও রয়েছে তালিকায়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের তালিকায় ৯৭ জন ব্যক্তি এবং চারটি প্রতিষ্ঠান রয়েছে। গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এসব হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনায় থানা এবং সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি অবরোধের কারণে খুলনার সঙ্গে ঢাকার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনাগুলো তদন্তে মাঠে নামে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। তদন্তে স্থানীয় আওয়ামী লীগ নেতা, সাবেক আমলা ও জনপ্রতিনিধিসহ শতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। আন্দোলনে অর্থায়ন এবং আর্থিক অনিয়মের মাধ্যমে অস্থিরতা তৈরির অভিযোগে তাদের ব্যাংক হিসাবের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার।

রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)।

এ ছাড়া তালিকায় রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনসহ আরও অনেকে।

এনবিআর সূত্র জানায়, তালিকাভুক্ত ৯৭ জন ব্যক্তি করদাতার মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানীতে ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুরে ১৪ জন রয়েছেন।

আয়কর নথি যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাবের লেনদেন পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা যাচাই করা হচ্ছে। ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!