ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিক্ষা ]

বদলির চূড়ান্ত আদেশ না পাওয়া পর্যন্ত অনশনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫, ২৫ নভেম্বর ২০২৬
বদলির চূড়ান্ত আদেশ না পাওয়া পর্যন্ত অনশনের ঘোষণা
সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দ্রুত জারির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেন। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তা আটকে রয়েছে।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বদলি নীতিমালা সংশোধনের নামে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে। এভাবে তাঁদের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে।

অনশনরত শিক্ষকরা নিজ জেলা অথবা বাড়ির কাছাকাছি কর্মস্থলে বদলির দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, দূরবর্তী জেলায় চাকরি করার কারণে পারিবারিক জীবনে অশান্তি ও কলহ তৈরি হচ্ছে। বদলির চূড়ান্ত আদেশ জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী শিক্ষক আক্ষেপ করে বলেন, ‘সরকার নীতিমালা করে বদলি ব্যবস্থা চালু করেছে বলেই আমরা আবেদন করেছি। এখন আমরা দ্রুত বদলির আদেশ চাই। আমার মতো অসংখ্য শিক্ষিকা আজ সন্তান ও পরিবারের কাছে ফেরার তাগিদে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!