ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিক্ষা ]

বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২, ২৫ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরে
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তনের প্রস্তাব উঠেছে। প্রস্তাব অনুযায়ী, প্রচলিত ২৩০ নম্বরের পরিবর্তে পুরো নিয়োগ প্রক্রিয়া ৪০০ নম্বরে নেওয়ার কথা বলা হয়েছে। এতে প্রিলিমিনারিতে ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র হালনাগাদের লক্ষ্যে আয়োজিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সভায় নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপের নম্বর বণ্টন পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর রাখার সুপারিশ তুলে ধরা হয়।

বর্তমানে প্রবেশ পর্যায়ে শিক্ষক বাছাইয়ের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ২৩০ নম্বরের একটি খসড়া পরিপত্র তৈরি করে রেখেছে এনটিআরসিএ।

সভায় অংশ নেওয়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৪০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাবটি পর্যালোচনা করা হয়েছে। তবে এটি এখনো প্রাথমিক আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত কোনো অনুমোদন বা সিদ্ধান্ত হয়নি।

সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের হিসাব এবং শিক্ষক নিয়োগসংক্রান্ত বিধিমালা নিয়েও আলোচনা হয়েছে। তবে এসব বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!