ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ ফিচার ]

সম্পর্কের পরীক্ষা সুসময় নয়, দুঃসময় দিয়ে হয়

নাজমীন মর্তুজা
প্রকাশিত: ১০:০৮, ২৫ নভেম্বর ২০২৬
সম্পর্কের পরীক্ষা সুসময় নয়, দুঃসময় দিয়ে হয়
ভালোবাসা মানুষকে পূর্ণতা দিতে পারে, কিন্তু নিজের অস্তিত্বের বিকল্প হতে পারে না।

যেকোনো সম্পর্কে জড়িয়ে থাকা সহজ নয়। কারণ সম্পর্ক কেবল আবেগের আকস্মিকতায় তৈরি হয় না তাকে প্রতিনিয়ত নির্মাণ করতে হয়, যত্নে লালন করতে হয় এবং সচেতন দায়িত্ববোধের মধ্য দিয়ে বহন করে নিতে হয়। অনেকটা নদীর মতো, যার প্রবাহ স্বাভাবিক রাখতে দুই তীরেরই প্রয়োজন হয়। 

প্রতিটি সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে কিছু দায়, কিছু আবেগের ভার, কিছু প্রত্যাশা এবং কিছু অলিখিত অঙ্গীকার। সেখানে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন সংযম, ধারাবাহিকতা, পারস্পরিক সমঝোতা এবং কখনো কখনো ব্যক্তিগত ইচ্ছার কিছুটা বিসর্জন।

সম্পর্কের প্রকৃত পরীক্ষা সুসময় নয়, দুঃসময়। ভালো সময়ে পাশে থাকা সহজ; কিন্তু মতপার্থক্য, অনিশ্চয়তা কিংবা মানসিক সংকটের মধ্যেও পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা অক্ষুণ্ণ রাখা কঠিন। 

Why bother with relationships? A counsellor's perspective - Counselling  Directory

জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—সুখের দিনে কে আপনার পাশে আছে, সেটা নয়; বরং দুঃসময়ে কে আপনার হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেটাই মনে রাখার মতো।

সুখের সময় অনেক আত্মীয়, বন্ধু ও পরিচিত মানুষ আপনার চারপাশে ভিড় জমাবে। সবাই হাসিমুখে কথা বলবে, ভালোবাসার অভিনয় করবে। কিন্তু যখন জীবনে বিপদ আসবে, যখন অর্থনৈতিক সমস্যা কিংবা পারিবারিক অশান্তিতে পড়বেন, তখনই অনেক চেনা মানুষের আসল রূপ প্রকাশ পাবে।

কেউ ফোন ধরা বন্ধ করবে, কেউ যোগাযোগ কমিয়ে দেবে, আবার কেউ আপনার দুঃখকে নিয়ে আড়ালে হাসাহাসি করবে। তখন বুঝতে পারবেন, কে সত্যিকারের আপনজন আর কে শুধু সুসময়ের সঙ্গী।

তবে জীবনের এই অভিজ্ঞতা থেকে কাউকে ঘৃণা করতে শিখবেন না। বরং মানুষ চিনতে শিখুন, নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং যারা নিঃস্বার্থভাবে পাশে থাকে, তাদের মূল্য দিন।

Boy-Girl Relationship Issue - Awaken Counselling Centre

সুখের দিনে পাশে থাকার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত আপনজন।

অন্যের অনুভূতিকে ধারণ করতে শেখা, তার ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করা এবং নিজের আচরণে অন্য মানুষটি কতটা আহত বা আশ্বস্ত হচ্ছে, সে সম্পর্কে সচেতন থাকাও সম্পর্কের অপরিহার্য শর্ত।

স্বামী-স্ত্রী, বন্ধু, প্রতিবেশী কিংবা সহকর্মী, প্রতিটি মানবিক সম্পর্কই যত্ন ও মনোযোগ দাবি করে। সম্পর্কের সূচনা হয়তো একটি মুহূর্তেই ঘটে, কিন্তু তার স্থায়িত্ব নির্ভর করে দীর্ঘদিনের আচরণ, বিশ্বাসযোগ্যতা, আবেগীয় পরিপক্বতা এবং পারস্পরিক অংশগ্রহণের ওপর। কোনো অর্থবহ সম্পর্কই একতরফা অনুভূতির ওপর দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না।

তাহলে ভালোবাসা হারিয়ে ফেলার ভয় কেন থাকে?
সম্ভবত ভালোবাসার সঙ্গে আমরা কেবল একজন মানুষকে নয়, নিজের একটি প্রত্যাশিত পৃথিবীকেও জড়িয়ে ফেলি। সেই মানুষটির উপস্থিতির সঙ্গে আমাদের অভ্যাস, স্বপ্ন, নিরাপত্তাবোধ এবং ভবিষ্যতের কল্পনা মিশে যায়। ফলে তাকে হারানোর আশঙ্কা কখনো কখনো নিজের পরিচিত পৃথিবীটিকে হারানোর আশঙ্কায় পরিণত হয়।

কিন্তু ভালোবাসা মানেই সবসময় তীব্র আকর্ষণ, বুকের ভেতর ঝড় কিংবা হারিয়ে যাওয়ার ভয় নয়। ভালোবাসার একটি গভীরতর রূপ আছে, যেখানে একজন মানুষের কাছে এসে নিজের ভেতরের সমস্ত অস্থিরতা থেমে যায়। যেখানে নিজেকে প্রমাণ করতে হয় না, অন্য কারও পছন্দ অনুযায়ী নিজেকে বদলে ফেলতে হয় না। বরং নিজের স্বতন্ত্র সত্তা নিয়েই গ্রহণযোগ্য হওয়ার একটি নির্ভরতার জায়গা তৈরি হয়।

Does Taking a Break in a Relationship Work? | Paired

যার কাছে অন্য কেউ হওয়ার প্রয়োজন পড়ে না, বরং নিজের মতো করে মানুষ হয়ে ওঠার স্বাধীনতা পাওয়া যায়, সেই মানুষটিই হয়তো আত্মার কাছের মানুষ। আত্মিক সংযোগে মুগ্ধ করার প্রতিযোগিতা থাকে না, থাকে পারস্পরিক স্বীকৃতি, স্বতঃস্ফূর্ত গ্রহণযোগ্যতা এবং একে অপরের অস্তিত্বকে সম্মান করার ক্ষমতা।

তবু মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন গভীর রাতে ভীষণ একাকিত্ব অনুভূত হয়। কাউকে প্রয়োজন হয়, কারও কণ্ঠ শুনতে ইচ্ছে করে, কারও উপস্থিতিতে একটু নিশ্চিন্ত হতে মন চায়। অথচ বাস্তবতা সবসময় আমাদের প্রত্যাশার অনুকূলে থাকে না। সেই মুহূর্তে নিজের অসহায়ত্বের মুখোমুখি হওয়া এবং নিজেকে সামলে রাখা ভীষণ কঠিন।

কিন্তু আত্মিক পরিপক্বতা বোধহয় এখানেই। নিজের সমস্ত দুর্বলতাকে অস্বীকার না করেও নিজেকে রক্ষা করতে শেখা। ভেঙে পড়েও নিজের ছড়িয়ে থাকা টুকরোগুলো নিজ হাতে জোড়া লাগানো। কারও ভালোবাসা কামনা করেও নিজের আত্মমর্যাদাকে বিসর্জন না দেওয়া।

পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হলো নিজেকে হারিয়ে ফেলার পর নিজের কাছেই আবার ফিরে আসা। এই ফিরে আসার নামই কামব‍্যাক ।

কারণ জীবনের সবচেয়ে বড় জয় কাউকে ফিরে পাওয়া নয়, কাউকে ধরে রাখার জন্য নিজের অস্তিত্বকে ছোট না করা। ভালোবাসা জীবনে আসুক, গভীরভাবে আসুক, দীর্ঘস্থায়ী হোক
কিন্তু সেই ভালোবাসার ভেতরেও নিজের কাছে নিজের ফিরে আসার পথটি যেন কখনো বন্ধ না হয়ে যায়।

ভালোবাসা মানুষকে পূর্ণতা দিতে পারে, কিন্তু নিজের অস্তিত্বের বিকল্প হতে পারে না। 

লেখক : নাজমীন মর্তুজা, অস্ট্রেলিয়া প্রবাসী কবি, গীতিকার, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!