ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ ফিচার ]
বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে মানসিক উদ্বেগ ও আত্মহত্যার প্রবণতা বাড়ছে!

পুরুষ দিবস আজ - কেমন আছেন পুরুষরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
পুরুষ দিবস আজ - কেমন আছেন পুরুষরা
একজন পুরুষ কেবল পরিবারের উপার্জনকারী নন। তিনি কারও বাবা, কারও সন্তান, কারও ভাই কিংবা জীবনসঙ্গী। তার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের অন্য সদস্যদের ভালো থাকাও।

একজন পুরুষও মানুষ। তাঁরও মন খারাপ হয়, ভেঙে পড়তে ইচ্ছে করে, কখনো অসহায় লাগে, কখনো প্রয়োজন হয় একটু ভালোবাসা, সহানুভূতি কিংবা নির্ভরতার। কিন্তু সামাজিক প্রত্যাশার চাপে অনেক পুরুষ নিজের অনুভূতিগুলো আড়াল করে রাখেন। 

পরিবারের ভরসা, সন্তানের আশ্রয় কিংবা কর্মক্ষেত্রের দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে সব সময় শক্ত রাখার চেষ্টা করেন। অথচ সেই শক্ত মানুষেরও যে কখনো কারও কাঁধে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করতে পারে, সেই সত্যটি অনেক সময় সমাজ ভুলে যায়।

বাবা, ভাই, স্বামী কিংবা বন্ধু—পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পুরুষের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সমাজে প্রচলিত একটি ধারণা হলো, পুরুষ মানেই শক্তিশালী। তারা কাঁদবেন না, দুর্বলতা প্রকাশ করবেন না, সব পরিস্থিতিতে দায়িত্ব সামলাবেন। এমন ধারণা অনেক পুরুষকে নিজের কষ্ট গোপন রাখতে বাধ্য করে। ফলে প্রয়োজন হলেও অনেকে চিকিৎসা কিংবা মানসিক সহায়তা নিতে চান না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, পুরুষদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ আর আত্মহত্যার হার দিন দিন বাড়ছে। ২০২১ সালের একটি জরিপ বলছে বিশ্বজুড়ে প্রতি ১ লাখ পুরুষে আত্মহত্যার হার প্রায় ১২ দশমিক ৩ শতাংশ। তবে চিকিৎসা নিতে নারীদের তুলনায় ৪০ শতাংশ কম আগ্রহী পুরুষরা। ঝুঁকিতে রয়েছেন বয়ষ্ক পুরুষেরাও। গবেষণা বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মজীবন, সামাজিক সম্পর্ক ও সঙ্গী হারিয়ে প্রায় ৫৫ শতাংশের মধ্যে বয়জ্যেষ্ঠ পুরুষ বিষণ্ণতায় ভোগেন।

 

একজন পুরুষ কেবল পরিবারের উপার্জনকারী নন। তিনি কারও বাবা, কারও সন্তান, কারও ভাই কিংবা জীবনসঙ্গী। তার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের অন্য সদস্যদের ভালো থাকাও।

তাই পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা, স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা এবং মানসিক সংকটে পাশে দাঁড়ানো জরুরি।

অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুরুষকে যে মানসিক চাপ, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়, তা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়।

পুরুষের ইতিবাচক অবদান, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয় বিশ্ব পুরুষ দিবস।

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। ২০২৬ সালের এই দিবসের প্রতিপাদ্য হলো ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ (ভবিষ্যৎ সবার), যা পুরুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সমতা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানায়।

১৯৯৯ সালের ১৯ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিবসটির যাত্রা শুরু হয়।

আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে। আন্তর্জাতিক নারী দিবসের আদলে পুরুষদের জন্যও একটি নির্দিষ্ট দিন নির্ধারণের দাবি জানানো হয়েছিল।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনসহ কয়েকটি দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালিত হয়। তবে এসব উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে ১৯৯৯ সালে জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস হিসেবে প্রতিষ্ঠা পায়। শুরুতেই ক্যারিবীয় অঞ্চলে দিবসটি ব্যাপক সাড়া ফেলে।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!