নতুন বাণিজ্যিক সম্ভাবনার পথ দেখাচ্ছে 'পরচুলা'
- বাংলাদেশের তৈরি পরচুলা যাচ্ছে বিশ্বের ৩০টির বেশি দেশে
- ১০ বছরে পরচুলা থেকে রপ্তানি আয় বেড়েছে ১০ গুণ
- পরচুলার বিশ্ববাজার প্রায় ৬০০ কোটি ডলারের।
আমরা জানি বিশ্বজুড়ে অনেক তারকা, অভিনেতা বা মডেল পরচুলা ব্যবহার করেন। ন্যাড়া মাথায় বিকল্প চুল হিসেবে পরচুলা ব্যবহার এখন অতি সাধারণ ও ফ্যাশন অনুষঙ্গ। সাধারণ মানুষের মধ্যেও পরচুলার চাহিদা রয়েছে বিশ্বব্যাপী। এ কারণে অনেকটা শিল্পের পর্যায়ে উঠে এসেছে ঝরা চুল। আর এই পরচুলা তৈরির কাজকে কেন্দ্র করে বদলে যাচ্ছে বাংলাদেশের গ্রামীণ নারীদের জীবন।
গড়ে উঠেছে ছোট বড় কারখানা
দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে ছোট বড় কারখানা। এসব কারখানা বড় কারখানাকে সাপ্লাই করে। গফরগাঁও পাচুয়ার সাবের খাঁ বাড়িতে নারী জাগরণের ব্যানারে প্রায় ৩০০-৪০০ নারী পরচুলা তৈরির কাজ করেন। সেখানে নানা ধরনের পরচুলা তৈরি হয়। তার মধ্যে অন্যতম ছোট চুলের ক্যাপ।
কারখানাগুলোতে পরচুলাসহ নানান পণ্য উৎপাদন করা হয়। একটি ছোট পরচুলা তৈরি করতে সময় লাগে দুই থেকে চারদিন। মানুষের চুল সংগ্রহ করে চীন, কোরিয়া সিনথেটিক ফাইবার এনে পরচুলার ক্যাপ তৈরি করা হয়। এসব ক্যাপ রপ্তানি করা হয় বিশ্বের ৩০টির বেশি দেশে।
বাংলাদেশে এই ক্যাপের চাহিদা অনেক। সাধারণত যেসব ছেলের মাথায় চুল নেই তারা এটা ব্যবহার করেন। ছোট চুলের ক্যাপের চাহিদা ভারতেও বাড়ছে।

বাংলাদেশ ও ভারতে পরচুলার চাহিদা তুঙ্গে
- পরচুলা দিয়ে সাইড স্কালও তৈরি হয়। সাধারণত যেসব পুরুষের মাথায় চুল নেই তারা সাইড স্কাল ব্যবহার করেন। এই পরচুলার চাহিদা অস্ট্রেলিয়ায় বেশি। এখানে মনোক্যাপও তৈরি করছেন নারীরা। যেসব পুরুষের পেছনে চুল আছে কিন্তু সামনে নেই তারা মনোক্যাপ ব্যবহার করেন। বাংলাদেশ ও ভারতে এই পরচুলার চাহিদা তুঙ্গে।
শেরপুর জেলার পাকুরিয়ায় মাত্র ২ লাখ দশ হাজার টাকা দিয়ে চুলের কারখানার শুরু করেছিলেন উদ্যোক্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। ব্যবসা করেই করেছেন বিল্ডিং বাড়ি। ফেলে দেয়া চুল বিক্রি করেই লাখ লাখ টাকা আয় করছেন এই যুবক! নিশ্চিত করেছেন আরো অনেক মানুষের জীবিকা।
ইসমাইল হোসেনের কারখানায় পুরুষ শ্রমিকের পাশাপাশি কাজ করে সংসার চালাচ্ছেন প্রায় এক হাজার নারী শ্রমিক। যদিও তাদের পারিশ্রমিক খুবই কম। একজন নারী শ্রমিক দিনে ৯ ঘণ্টা কাজ করে মজুরি পান ৬০ টাকা। সেই হিসেবে মাসে আঠারো’শ থেকে দুই হাজার টাকা আয় করেন তারা।
ইসমাইল হোসেন সাধারণত যে ধরনের চুল প্রক্রিয়াজাত করেন, সেগুলোর বেশিরভাগ আসে ফেরিওয়ালার কাছ থেকে। গ্রামেগঞ্জে অনেক ফেরিওয়ালা আছেন, যারা ক্ষুদ্র আয়ের মানুষ। তারা চুল সংগ্রহ করেন বাড়ি বাড়ি গিয়ে। হাড়ি-পাতিল অথবা বিভিন্ন সাজের জিনিসের বিনিময়ে তারা চুল নিয়ে থাকেন। একেবারে রুট লেভেল থেকে চুল বিভিন্ন হাত ঘুরে ইসমাইলের মত মহাজনের কাছে চুল আসে।
চুল প্রক্রিয়াজাত করাটা এতো সহজ নয়। প্রথমে বিউটি পার্লার সহ দেশের বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া চুল সংগ্রহ করে নিয়ে আসা হয় কারখানায়। চুল সংগ্রহের পর শুরু হয় নতুন কর্মযজ্ঞ। একাধিক ধাপ সম্পন্ন করে তৈরি করা হয় একেকটি পরচুলা।

নতুন শিল্পখাত হিউম্যান হেয়ার উইগ
- ইপিবির রপ্তানি তালিকায় চুল ও পরচুলাকে ‘হিউম্যান হেয়ার উইগ’ বলা হয়। চাহিদা থাকায় স্বাভাবিকভাবে দেশে এ খাতের অনেক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। দেশে বেশ কিছু প্রতিষ্ঠান এখন পরচুলা ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান আছে, যারা চুল সংগ্রহ করে প্রাথমিক প্রক্রিয়াজাত শেষে তা দেশি-বিদেশি ক্রেতাদের কাছে বিক্রি করে।
সাধারণত বিভিন্ন বিউটি পার্লার, বাসাবাড়ি, বিউটি পারলার ও ময়লার ভাগাড় থেকে চুল সংগ্রহ করা হয় ক্ষুদ্র আয়ের বিভিন্ন ফেরিওয়ালার কাছ থেকে। এরপর শুরু হয় পরচুলার জন্য প্রক্রিয়াজাতকরণ। সংগ্রহ করা চুল প্রক্রিয়ার পর সরাসরি চুল বা পরচুলা হিসেবে রপ্তানি করা হয়।
প্রথমে সংগৃহীত চুল বাছাইয়ের জন্য আলাদা করা হয়। এই পদ্ধতিকে বলে হেয়ার সর্টিং। কর্মীরা জট পাকানো এসব চুল সুচ দিয়ে ছাড়িয়ে শ্যাম্পু ও কন্ডিশনার সহ বিভিন্ন ক্যামিক্যাল দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকান।
শুকানোর পর দৈর্ঘ অনুযায়ী বিশেষ পদ্ধতিতে আলাদা করা হয়। পরে নারী কর্মীদের কাছে পাঠানো হয়। তারা বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে চুল পরিস্কার ও বাছাই করেন। এরপর তৈরি করা হয় পরচুলার মূল ভিত্তি বা বেস। যেটি ওয়েফট বা ক্যাপ নামে পরিচিত।
পরচুলার জন্য সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী হওয়ার পর শুরু হয় বুননের কাজ। ওয়েফট বা ক্যাপে চুল আটকানোর জন্য ব্যবহার করা হয় আঠা বা ক্লিপ। এভাবে সম্পন্ন হয় একেকটি পরচুলা তৈরি।

পরচুলার চাহিদা আছে দেশে ও বিদেশে
মজার ব্যাপার হচ্ছে, চুলেরও রয়েছে বাহারি ধরনের নাম। রেমি, নন রেমি, সিঙ্গেল ড্রওন, র হেয়ারসহ আরও অনেক নাম আছে। যারা বিউটি পার্লারে গিয়ে সরাসরি চুল কাটেন তাদের বলা হয় রেমি হেয়ার। এটাকে ‘ওয়ান ডোনেট হেয়ার’ও বলা হয়।
চুলের ধরনের ওপর নির্ভর করে পরচুলার মান। সর্বনিম্ন ৬ ইঞ্চি থেকে শুরু করে ৩০ ইঞ্চি পর্যন্ত লম্বা চুল বাজারজাত করা হয়। ৮ থেকে ১০ হাজার টাকা কেজিতে কেনা জটপাকানো চুল বিক্রি হয় ১৮ থেকে ২০ হাজার টাকায়।
এসব পরচুলার মূল ক্রেতা বিদেশিরাই। দেশি ক্রেতাও আছেন, তবে তার সংখ্যা তুলনামূলক কম। দেশি ক্রেতাদের মধ্যে যারা ফ্যাশন অঙ্গনে কাজ করেন, যাদের মাথার চুল পাতলা হয় বা যারা বিভিন্ন রোগের ভুক্তভোগী– তারা পরচুলা সংগ্রহ করেন।
অনেক দেশি ক্রেতা জানেই না বাংলাদেশেও পরচুলা তৈরি হয়। যাদের সামর্থ্য আছে, তাদের অধিকাংশ চীন এবং ভিয়েতনাম থেকে কিনে নিয়ে আসেন।
একেকটি পরচুলার আয়ুষ্কাল নির্ভর করে এর ব্যবহারের ওপর। নিয়মিত ব্যবহার করলে পরচুলা ছয়মাস থেকে একবছর পর্যন্ত ব্যবহার করা যায়। কম ব্যবহার করলে আরও বেশিদিন পর্যন্ত ভালো থাকে পরচুলা।

ময়মনসিংহে তৈরি পরচুলা যাচ্ছে বিশ্বের ২২ দেশে
- এখন যেসব পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে তাদের মধ্যে অন্যতম এই ফেলনা চুল। চুল রপ্তানি করেই দেশে আয় হচ্ছে কোটি টাকার বেশি। চুল কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ। ফলে দূর হচ্ছে বেকারত্ব সমস্যা।
সারি সারি টেবিলে বসে নিপুণ হাতে কাজ করছেন একদল নারী। কারও সামনে চুলের গোছা, কেউ সেগুলো গুছিয়ে নিচ্ছেন, আবার কেউ সূক্ষ্ম হাতে চুলের গুচ্ছ ক্যাপের সঙ্গে গিঁট দিয়ে জুড়ে দিচ্ছেন। এ কাজে চোখ এক জায়গায় স্থির রেখে হাত চালাতে হয় অত্যন্ত নিখুঁতভাবে; কারণ সামান্য ভুলেই নষ্ট হতে পারে পুরো দিনের পরিশ্রম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের একটি কারখানায় এভাবেই তৈরি হচ্ছে পরচুলা। এখানকার নারীদের হাতে তৈরি এসব পরচুলা এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ২২টি দেশে।
এই কর্মযজ্ঞের মাধ্যমে একদিকে যেমন গ্রামের শত শত নারীর কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে ঘুচেছে তাঁদের সংসারের অভাব।
রপ্তানির সম্ভাবনা বাড়ছে
- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) উপাত্ত বলছে, গত ২০২৪-২৫ অর্থবছর চুল ও পরচুলা রপ্তানি বেড়েছে ২১ শতাংশের মতো। রপ্তানির পরিমাণ ছিল ১৪ কোটি ২৯ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছর আরও ভালো রপ্তানির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই অর্থবছরের জুলাই-আগস্ট এই দুই মাসে রপ্তানি বেড়েছে ৮৯ শতাংশ। রপ্তানি হয়েছে দুই কোটি ৯৪ লাখ ডলারের চুল ও পরচুলা। গত অর্থবছরের এই দুই মাসে রপ্তানির পরিমাণ ছিল এক কোটি ৫৬ লাখ ডলার। এই অর্থবছর এ খাতে ১৪ কোটি ২৯ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে।
ডাবলিনভিত্তিক বাজার বিশ্লেষণ সংস্থা রিসার্চ অ্যান্ড মার্কেটসের তথ্যমতে, পরচুলার বিশ্ববাজার প্রায় ৬০০ কোটি ডলারের। সেই হিসাবে পরচুলা রপ্তানিতে বাংলাদেশের অংশ মাত্র ২ শতাংশ। চুল ও পরচুলা রপ্তানি আরও অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। চীন, কোরিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে উইগ বা পরচুলার প্রচুর চাহিদা রয়েছে।
চুলের রয়েছে বাহারি নাম। রেমি, নন রেমি, সিঙ্গেল ড্রওন। চুল সংগ্রহের পর শুরু হয় নতুন কর্মযজ্ঞ। প্রায় ১৫ থেকে ২০টি ধাপ সম্পন্ন করে তৈরি করা হয় একেকটি পরচুলা। প্রথমে সংগৃহীত চুল বাছাইয়ের জন্য আলাদা করা হয়। এরপর বিভিন্ন কেমিক্যাল দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর তৈরি করা হয় পরচুলার মূল ভিত্তি বা বেইস।
পরচুলার জন্য সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী হওয়ার পর শুরু হয় বুননের কাজ। ওয়েফট বা ক্যাপে চুল আটকানোর জন্য ব্যবহার করা হয় আঠা বা ক্লিপ। এভাবে সম্পন্ন হয় একেকটি পরচুলা তৈরি। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, বিভিন্ন ইপিজেডে অন্তত ২০টি পরচুলা উৎপাদন ও রপ্তানি কারখানা আছে। নতুন করে আরও এ ধরনের কারখানায় বিনিয়োগ নিয়ে আসছে বিদেশি উদ্যোক্তারা।
সম্প্রতি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এ ধরনের কারখানা নির্মাণে চুক্তি সই করেছে। এই কারখানা থেকে বছরে ৭০ লাখ পিস পরচুলা ও পরচুলা জাতীয় পণ্য তৈরি হবে।

১০ বছরে ১০ গুণ বেড়েছে রপ্তানি আয়
বাড়িতে মা-বোনদের আঁচড়ানোর পর ওঠা চুল কিংবা সেলুনের চুলও এখন ফেলনা নয়। একশ্রেণির ফেরিওয়ালা বাড়ি বাড়ি ঘুরে এসব চুল সংগ্রহ করেন। ফেলনা এই চুলের দামও একেবারে কম নয়। কয়েক হাত বদল করে সেই চুল যায় কারখানায়। তৈরি হয় পরচুলা। যার গন্তব্য দেশের সীমানা পেরিয়ে ইউরোপ-আমেরিকা। খুব বেশি না হলেও প্রতিবছর বৈদেশিক মুদ্রা আনছে এই ফেলনা চুল।
বাড়ছে কর্মসংস্থান। গ্রামীণ নারীদের বড় একটি অংশ যুক্ত এ কাজে। মাসে ৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন তারা। বাংলাদেশে আসছে কোটি কোটি ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতাযুদ্ধের পর কয়েকজন উদ্যোক্তা এই ব্যবসা শুরু করেন। তবে দুই দশকে তা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়তে শুরু করে। সম্ভাবনা দেখে এ খাতে আসে বিদেশি উদ্যোগ। লক্ষাধিক মানুষ এই শিল্পের সঙ্গে জড়িয়ে জীবিকা নির্বাহ করছেন। আট বছর আগেও উইগ বা পরচুলা রপ্তানি করে কোটি ডলার অর্জন ছিল স্বপ্নের মতো। তবে এই চিত্র বদলেছে। সামনে দেখা দিচ্ছে আরও সম্ভাবনা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, অপ্রচলিত এই পণ্যটি রপ্তানি করে প্রথমবার উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে ২০১৫ -১৬ অর্থবছরে। ওই সময় পরচুলা রপ্তানি করে ১ কোটি ১৪ লাখ মার্কিন ডলার আয় করেন উদ্যোক্তারা। ২০১৬-১৭ অর্থবছরে পরচুলা রপ্তানি করে আয় হয় ১ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ডলার।
২০১৭-১৮ অর্থবছরে ২ কোটি ৩০ লাখ ডলার, ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে ৩ কোটি ২৫ লাখ ডলার হয়। করোনার মধ্যেও ২০২০-২১ অর্থবছরে পরচুলা রপ্তানি এক লাফে বেড়ে ৫ কোটি ৭১ লাখ ডলার হয়, ২০২১-২২ অর্থবছরে তা পৌঁছায় ১০ কোটি ৫৮ লাখ ডলারে, যা লক্ষ্যমাত্রার চেয়েও ছিল প্রায় সাড়ে ৬৫ শতাংশ বেশি। ১০ বছরে রপ্তানি বেড়েছে ১০ গুণেরও বেশি।
খাতসংশ্লিষ্টরা বলছেন- চীন, কোরিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে উইগ বা পরচুলার প্রচুর চাহিদা রয়েছে। বিভিন্ন অসুস্থাজনিত কারণে যাদের মাথার চুল পড়ে যায় তারাসহ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ উইগের বড় ক্রেতা। হ্যালোইন, ক্লাউন, ক্যারিবিয়ান প্যারেড, সাম্বা ড্যান্সসহ বিভিন্ন উৎসবে যায় বাংলাদেশের পরচুলা।
সরকারের সুনজর ও উদ্যোক্তাদের প্রশিক্ষিত করতে পারলে এ খাতে ব্যাপক রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টি হবে।