যেসব ঘুম ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়
ঘুম মানুষের জীবনের অপরিহার্য অংশ। জীবিত প্রাণীর জন্য মহান আল্লাহ তাআলা ঘুমকে স্বাভাবিক নিয়ম হিসেবে নির্ধারণ করেছেন। তবে ইসলামের দৃষ্টিতে সব ধরনের ঘুম সমান নয়। কিছু ঘুম শরীরের জন্য প্রয়োজনীয় ও উপকারী, আবার কিছু ঘুম মানুষকে ইবাদত ও দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেয়।
আল্লাহ তাআলা বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে রাত ও দিনে তোমাদের ঘুম এবং তাঁর অনুগ্রহ থেকে তোমাদের জীবিকা অন্বেষণ। নিশ্চয়ই এতে নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য, যারা মনোযোগ দিয়ে শোনে।’ (সুরা আর-রুম, আয়াত: ২৩)
একজন মুমিনের ঘুমও ইবাদতে পরিণত হতে পারে, যদি সে সওয়াবের নিয়ত করে ঘুমায়। একইভাবে তার জেগে থাকাও ইবাদত হতে পারে।
মুআজ (রা.) বলেন, ‘আমি রাতের প্রথম ভাগে ঘুমাই। অতঃপর ঘুমের নির্ধারিত অংশ পূর্ণ হলে জেগে উঠি এবং আল্লাহ আমার জন্য যতটুকু তাওফিক দেন, ততটুকু কোরআন তিলাওয়াত করি। এভাবে আমি আমার ঘুমের জন্যও সওয়াবের আশা করি, যেভাবে রাতের ইবাদতের জন্য সওয়াবের আশা করি।’ (বুখারি, হাদিস: ৪৩৪১)
মানুষের জন্য ঘুম যেমন অপরিহার্য, তেমনি কিছু ঘুম রয়েছে, যা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। কারণ এসব ঘুমের কারণে মানুষ ফরজ ইবাদত থেকে বঞ্চিত হয় কিংবা দৈনন্দিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থ হয়।
ফরজ ইবাদত ছেড়ে ঘুমিয়ে থাকা
নিন্দনীয় ঘুমের অন্যতম হলো ফরজ ইবাদত, বিশেষ করে নামাজের সময় ঘুমিয়ে থাকা। এ বিষয়ে ইসলামে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর তাদের পরে এমন অপদার্থ উত্তরসূরিরা এলো, যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তারা অচিরেই ‘গাইয়্য’ নামক শাস্তির সম্মুখীন হবে।’ (সুরা মারইয়াম, আয়াত: ৫৯)
নিয়মিত নামাজের প্রতি অবহেলা করা মুনাফিকদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুনাফিকদের কাছে ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। তারা যদি এ দুই নামাজের মধ্যে কী ফজিলত রয়েছে তা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস: ৬৫৭)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো, যে সারা রাত ঘুমিয়ে সকাল করে ফেলেছে। তখন তিনি বলেন, সে এমন ব্যক্তি, যার কানে শয়তান প্রস্রাব করেছে। অথবা বলেছেন, তার দুই কানে। (বুখারি, হাদিস: ৩২৭০)
আবার কেউ কেউ ঘুমের কারণে আসরের নামাজের সময় পার করে দেন। অথচ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার আমল বিনষ্ট হয়ে গেল।’ (বুখারি, হাদিস: ৫৫৩)
তাহাজ্জুদ, বিতর ও সাহরির সময় ঘুমিয়ে থাকা
নিন্দনীয় ঘুমের আরেকটি দিক হলো রাতের শেষ ভাগে ঘুমিয়ে থেকে তাহাজ্জুদ, বিতর ও ইস্তিগফারের মতো ইবাদত থেকে বঞ্চিত হওয়া। বিশেষ করে ফজরের আগে সাহরির সময়টি অত্যন্ত ফজিলতপূর্ণ।
আল্লাহ তাআলা নেককার বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ‘তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত। আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।’ (সুরা আয-যারিয়াত, আয়াত: ১৭-১৮)
ফজরের পর ঘুমিয়ে থাকা
নিন্দনীয় ঘুমের আরেকটি দিক হলো ফজরের নামাজের পর আবার ঘুমিয়ে পড়া। কারণ সকালবেলা দিনের শুরুতে বরকত রয়েছে। এ সময়ের জন্য রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতের কল্যাণ কামনা করে দোয়া করেছেন।
সাখর আল-গামিদি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্য তাদের দিনের প্রথম ভাগে বরকত দান করুন।’
বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সেনাদল বা বাহিনী পাঠাতেন, তখন দিনের প্রথম ভাগেই পাঠাতেন। সাখর (রা.) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তাঁর ব্যবসায়িক কাফেলাও দিনের প্রথম ভাগে পাঠাতেন। ফলে তিনি প্রচুর সম্পদের অধিকারী হন এবং তাঁর সম্পদ বৃদ্ধি পায়। (তিরমিজি, হাদিস: ১২১২)
অতিরিক্ত ঘুমানো
অতিরিক্ত ঘুমও নিন্দনীয়, বিশেষ করে দিনের বেলায়। যদি ঘুমের কারণে ফরজ ইবাদত কিংবা দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়, তাহলে তা আরও ক্ষতিকর।
যেমন—কোনো শিক্ষার্থী রাত জেগে সকালে ঘুমিয়ে পড়ার কারণে বিদ্যালয়ে যেতে পারল না। কোনো চাকরিজীবী ঘুমের কারণে কর্মস্থলে যেতে পারলেন না। আবার কোনো ব্যবসায়ী অতিরিক্ত ঘুমের কারণে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারলেন না।
অতিরিক্ত ঘুমের অন্যতম কারণ হলো বেশি খাবার খাওয়া ও রাত জাগার অভ্যাস। অতিরিক্ত খাবার শরীরে অলসতা ও শিথিলতা তৈরি করে, যা বেশি ঘুমের কারণ হতে পারে। অন্যদিকে, যারা নিয়মিত রাত জাগেন, তারা রাতের ঘুমের ঘাটতি পূরণ করতে দিনের বেলায় বেশি ঘুমান।
দিনের ঘুম রাতের ঘুমের বিকল্প হতে পারে না। রাতের প্রথম ভাগের ঘুম শেষ ভাগের ঘুমের তুলনায় বেশি বরকতময় ও উপকারী। কিন্তু দুঃখজনকভাবে মানুষের অনেক অনুষ্ঠান, দাওয়াত ও ভোজের আয়োজন হয় রাতে, অনেক সময় গভীর রাত পর্যন্ত। ফলে রাত জাগা ও অতিরিক্ত খাবার খাওয়ার মতো দুটি অভ্যাস একসঙ্গে তৈরি হয়।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) অন্তরের ব্যাধিগুলোর মধ্যে অতিরিক্ত ঘুমকেও উল্লেখ করেছেন। তিনি বলেন, অতিরিক্ত ঘুম অন্তরকে মৃত করে দেয়, শরীরকে ভারী করে তোলে, সময় নষ্ট করে এবং অধিক উদাসীনতা ও অলসতার জন্ম দেয়।
তাঁর মতে, কিছু ঘুম অত্যন্ত অপছন্দনীয়, আবার কিছু ঘুম শরীরের জন্য ক্ষতিকর ও উপকারহীন। সবচেয়ে উপকারী ঘুম হলো, যখন শরীরের প্রকৃত প্রয়োজন দেখা দেয় তখন ঘুমানো।
তিনি আরও বলেন, রাতের প্রথম ভাগের ঘুম শেষ ভাগের ঘুমের তুলনায় উত্তম ও বেশি উপকারী। দুপুরের মাঝামাঝি সময়ের ঘুম দিনের শুরু ও শেষ ভাগের ঘুমের চেয়ে বেশি উপকারী। ঘুম যতই দিনের দুই প্রান্তের দিকে চলে যায়, তার উপকারিতা তত কমে এবং ক্ষতি তত বাড়ে। বিশেষ করে আসরের সময়ের ঘুম এবং দিনের প্রথম ভাগের ঘুম ক্ষতিকর হতে পারে। তবে যারা রাতে জেগে থাকেন, তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। (মাদারিজুস সালিকিন, খণ্ড-১, পৃষ্ঠা-৪৫৭)
সারকথা, ঘুমের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি। এমনভাবে ঘুমানো উচিত, যাতে শরীরের প্রয়োজন পূরণ হয়, আবার ফরজ ইবাদত ও দৈনন্দিন দায়িত্বও ব্যাহত না হয়। ইসলামের শিক্ষা হলো, সময়ের যথাযথ ব্যবহার করা এবং ইবাদত ও বিশ্রামের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা।