ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ১৬ নভেম্বর ২০২৬
সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

কয়েক মাস ধরে চলা দাবানলের কারণে সৃষ্ট আন্তঃসীমান্ত ধোঁয়াশার জন্য প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সোমবার (১৬ নভেম্বর) রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনে প্রাবোও ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে একটি বিশাল দাবানল হয়েছিল, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় চার মাস সময় লেগেছে। এ জন্য আমি প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ক্ষমা চাইতে চাই। দাবানলের ধোঁয়াশা দেশ দুটিতে ছড়িয়ে পড়েছিল। এটি আমাদের দোষ নয়, তবুও আমরা আবারও ক্ষমা চাইছি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

বিবৃতিতে প্রাবোওর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, দাবানলে ভূমিকা রাখা যেকোনো কোম্পানির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার ‘জিরো-টলারেন্স নীতি’ রয়েছে। তার সরকার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার পাশাপাশি দাবানল প্রতিরোধে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তুতি নিচ্ছে।

প্রাবোও জানান, দাবানলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৭টি কোম্পানির অনুমতিপত্র বাতিল করা হয়েছে। ২৬টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে এবং ১১টির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ ছাড়া আরও ২৩টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে বর্তমানে ১০৪টি কোম্পানি পুলিশের তদন্তের আওতায় রয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়া ৭১ হাজার বন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছিল বলেও জানান প্রাবোও। আগুন নেভানোর কাজে গিয়ে ১৬ জন প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

রোববার পরে এক সংবাদ ব্রিফিংয়ে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো বলেন, পূর্ণাঙ্গ অধিবেশনে ইন্দোনেশিয়া দাবানল মোকাবিলায় তাদের চলমান প্রচেষ্টার বিষয়ে অত্যন্ত অকপট ও স্পষ্ট অবস্থান তুলে ধরেছে।

উল্লেখ্য, গত ১১ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবানলের মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া। এতে দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। গত কয়েক মাস ধরে দাবানলের ধোঁয়াশায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন এলাকা আচ্ছন্ন ছিল। তবে আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার সমালোচনা না করে দেশ দুটির পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!