ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাগানের এক গাছেই বছরে আহত ৫০০ মানুষ!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৩০, ১০ নভেম্বর ২০২৬
বাগানের এক গাছেই বছরে আহত ৫০০ মানুষ!
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে বাড়ির বাগান ও পার্কে শোভা বাড়াতে লাগানো একধরনের পামগাছ এখন মানুষের জন্য বিপদের কারণ হয়ে উঠেছে। ‘ফিনিক্স পাম’ (Phoenix Palm) নামের এই গাছের ধারালো কাঁটায় প্রতিবছর দেশটিতে প্রায় ৫০০টি দুর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসা দাবির ঘটনা নথিভুক্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গাছটির কাঁটা শরীরে ঢুকে ভেঙে গেলে তা থেকে গুরুতর প্রদাহ ও সংক্রমণ হতে পারে। এমনকি অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে।

সম্প্রতি নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ১নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির তাসমান এলাকার পাঁচ বছর বয়সী এলসি নামের এক শিশু বাড়ির বাগানে ভাইবোনদের সঙ্গে খেলতে গিয়ে ফিনিক্স পামের কাঁটায় পায়ে আঘাত পায়। কাঁটাটি দ্রুত বের করে ফেলা হলেও বিপদ কাটেনি। পরে শিশুটির পা ফুলে যায় এবং টানা ৪৮ ঘণ্টা সে পায়ে ভর দিয়ে হাঁটতে পারেনি।

চিকিৎসকেরা আলট্রাসাউন্ড পরীক্ষায় দেখতে পান, কাঁটার একটি অংশ শিশুটির পায়ের ভেতরে রয়ে গেছে। সেটি অপসারণের জন্য অস্ত্রোপচার করতে হয়। কয়েক দিন পর আবার গোড়ালির কাছে ব্যথা ও ফোলা দেখা দিলে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয়। বর্তমানে শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

শিশুটির মা জর্জিয়া ইডেন জানান, কাঁটাটি বের করার পরও যে এত বড় সমস্যা হতে পারে, তা তারা বুঝতে পারেননি। তবে গাছটির কাঁটা কতটা বিপজ্জনক, সে সম্পর্কে আগে থেকেই কিছুটা ধারণা ছিল তাদের।

কেন এত বিপজ্জনক এই গাছ?

বিশেষজ্ঞদের মতে, ফিনিক্স পামের পাতার গোড়ায় থাকা কাঁটাগুলো অত্যন্ত শক্ত ও সূচালো। সামান্য অসতর্কতায় এগুলো হাত-পা কিংবা শরীরের অন্য অংশে ঢুকে যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো, কাঁটা শরীরে প্রবেশের পর অনেক সময় ভেঙে যায়। ফলে এর ক্ষুদ্র অংশ শরীরের ভেতরে থেকে গিয়ে সংক্রমণ ও তীব্র প্রদাহ সৃষ্টি করতে পারে।

অকল্যান্ড কাউন্সিলের পরিবেশবিষয়ক বিশেষজ্ঞ ইমোজেন বাসেট বলেন, গাছটির কাঁটা সহজেই মানুষের ত্বকের ভেতরে ঢুকে যেতে পারে এবং এসব ক্ষত সংক্রমিত হওয়ার প্রবণতা বেশি।

জরুরি চিকিৎসাসেবার বিশেষজ্ঞ চিকিৎসক ওয়ালিদ ওয়াকেদের ভাষ্য, এ ধরনের আঘাত নিয়ে অনেক রোগী প্রচণ্ড ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। কারও কারও জ্বর হয় এবং শারীরিক অবস্থারও অবনতি ঘটে। কাঁটা শরীরে ঢোকার পর ভেঙে যাওয়ায় সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে।

প্রতিবছর প্রায় ৫০০ দুর্ঘটনার দাবি

নিউজিল্যান্ডের দুর্ঘটনা ক্ষতিপূরণ সংস্থা অ্যাকসিডেন্ট কমপেনসেশন করপোরেশনের (এসিসি) তথ্য অনুযায়ী, ফিনিক্স পাম থেকে সৃষ্ট আঘাতের কারণে প্রতিবছর প্রায় ৫০০টি নতুন ক্ষতিপূরণ দাবির ঘটনা নথিভুক্ত হয়। অর্থাৎ গাছটি দেশটির বাগান ও জনপরিসরে নিয়মিত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ক্যানারি দ্বীপপুঞ্জের আদি প্রজাতির এই পামগাছ নিউজিল্যান্ডের বিভিন্ন বাড়ির বাগান ও উন্মুক্ত স্থানে দেখা যায়। দেখতে আকর্ষণীয় হলেও এর ধারালো কাঁটা মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে।

গাছটি অপসারণের পরামর্শ

অকল্যান্ড কাউন্সিল ইতিমধ্যে অঞ্চলটিতে ফিনিক্স পামগাছের বংশবিস্তার, বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি গাছ থেকে বছরে ৩০ হাজার পর্যন্ত বীজ উৎপন্ন হতে পারে। ফলে গাছটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বাড়ির বাগানে এ গাছ থাকলে সতর্ক থাকার পাশাপাশি ছোট চারা অবস্থাতেই অপসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গাছের পাতা ছাঁটা বা অপসারণের সময় মোটা ও কাঁটাপ্রতিরোধী দস্তানা, শক্ত জুতা এবং সুরক্ষাব্যবহার জরুরি। সম্ভব হলে প্রশিক্ষিত পেশাদার কর্মীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো একটি গাছও অসতর্কতায় গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশুদের গাছটির কাঁটা ও পড়ে থাকা পাতা থেকে দূরে রাখা জরুরি। সূত্র: ১নিউজ

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!