এফ-২২ যুদ্ধবিমানের চেয়ে তিন গুণ দ্রুতগতির গোলাকার ইউএফও!
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এফ-২২ যুদ্ধবিমানের চেয়েও তিন গুণ বেশি গতিতে উড়ে যাওয়া একটি রহস্যময় গোলাকার বস্তুর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কয়েকজন মার্কিন সামরিক পাইলট তাকে এমন একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর (ইউএফও) কথা জানিয়েছেন, যা মুহূর্তের মধ্যে যুদ্ধবিমানকে অতিক্রম করে চলে যায়। তবে বস্তুটি কী ছিল, কোথা থেকে এসেছিল কিংবা কীভাবে এত দ্রুত চলছিল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ সাংবাদিক রস ডাউথাটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। গত ৮ নভেম্বর প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, হোয়াইট হাউসের ওভাল অফিসে দায়িত্ব পালনকালে প্রথম ও দ্বিতীয় মেয়াদে কয়েকজন বিমানবাহিনীর পাইলটের সঙ্গে তার কথা হয়েছে। তাদের কাছ থেকেই তিনি আকাশে অস্বাভাবিক কিছু দেখার অভিজ্ঞতা শোনেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পাইলটরা তখন এফ-২২ যুদ্ধবিমান চালাচ্ছিলেন। হঠাৎ একটি গোলাকার বস্তু তাদের বিমানকে অতিক্রম করে যায়। বস্তুটি যুদ্ধবিমানের তুলনায় প্রায় তিন গুণ গতিতে চলছিল বলে পাইলটরা তাকে জানান। ট্রাম্প বলেন, বস্তুটি দেখতে গোলাকার ছিল এবং এর গঠন প্রচলিত উড়োজাহাজের মতো নয়।
সাক্ষাৎকারে ট্রাম্প পাইলটদের অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতার ওপর গুরুত্ব দেন। তাদের ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী মানুষ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন। তবে নিজে ইউএফও বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব সম্পর্কে খুব একটা বিশ্বাসী নন বলে জানান তিনি।
গোপন ইউএফও কর্মসূচি নিয়েও প্রশ্ন
সাক্ষাৎকারে মার্কিন সরকারের গোপন ইউএফও গবেষণা কর্মসূচি নিয়েও আলোচনা হয়। অভিযোগ রয়েছে, সরকারের কোনো গোপন কর্মসূচির মাধ্যমে অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে গবেষণা করা হচ্ছে, যার বিষয়ে এমনকি প্রেসিডেন্টও অবগত নাও থাকতে পারেন।
এ বিষয়ে ট্রাম্প বলেন, এমন কোনো কর্মসূচির কথা তিনি জানেন না। তবে সত্যিই এ ধরনের কোনো কর্মসূচি থাকলে তা খুঁজে বের করবেন। একই সঙ্গে তিনি জানান, অনেক বিশ্বাসযোগ্য ব্যক্তি এ ধরনের কর্মসূচির অস্তিত্বে বিশ্বাস করেন।
পেন্টাগনের নথিতেও রহস্যময় বস্তুর বর্ণনা
ট্রাম্পের এই বক্তব্যের কয়েক সপ্তাহ আগে পেন্টাগনের অল-ডোমেইন অ্যানোমালি রেজল্যুশন অফিস (এএআরও) অজ্ঞাত উড়ন্ত বস্তুসংক্রান্ত বেশ কিছু গোপনীয়তা প্রত্যাহার করা নথি প্রকাশ করে।
এসব নথির একটি প্রতিবেদনে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের একটি পার্বত্য এলাকায় ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা রহস্যময় ত্রিভুজাকৃতির কালো বস্তুর বর্ণনা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বস্তুটি পাহাড়ের ওপর নিঃশব্দে ভেসে ছিল। পরে দ্রুতগতিতে একটি গিরিখাতের দিকে চলে যায়। এতে দৃশ্যমান কোনো ইঞ্জিন, পাখা বা ধোঁয়ার চিহ্ন ছিল না।
তবে ওই বস্তুর গতিও প্রত্যক্ষদর্শীদের অনুমানের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল। কোনো যন্ত্রের মাধ্যমে তা পরিমাপ করা হয়নি। বস্তুটির পরিচয়ও নিশ্চিত করা যায়নি। উল্লেখ্য, এটি এফ-২২ যুদ্ধবিমানকে অতিক্রম করা গোলাকার বস্তুর ঘটনা থেকে আলাদা।
এফ-২২ যুদ্ধবিমানকে অতিক্রম করা গোলাকার বস্তুটির ঘটনা নিয়েও এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। পাইলটদের নাম, ঘটনার সময়, স্থান কিংবা বস্তুটির গতিবেগ কীভাবে নির্ধারণ করা হয়েছিল, সেসব তথ্যও ট্রাম্প জানাননি।
ফলে ঘটনাটি নতুন করে ইউএফও ও অজ্ঞাত আকাশযান নিয়ে মানুষের আগ্রহ বাড়ালেও বস্তুটি ভিনগ্রহের কোনো যান, গোপন সামরিক প্রযুক্তি নাকি অন্য কিছু, তা এখনো অজানা।
তথ্যসূত্র: ফক্স নিউজ