ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

এআই ব্যবহারে বাড়তি অর্থ নিচ্ছে অ্যাপল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ১০ নভেম্বর ২০২৬
এআই ব্যবহারে বাড়তি অর্থ নিচ্ছে অ্যাপল
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নির্ধারিত বিনা মূল্যের সীমা শেষ হলে অতিরিক্ত সুবিধা পেতে নতুন প্যাক চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ‘ইন্টেলিজেন্স ইউসেজ প্যাক’ নামের এই প্যাক কিনতে ব্যবহারকারীদের এককালীন ৪৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই প্যাকের ফলে মাসিক বিনা মূল্যের এআই ব্যবহারের সীমা শেষ হয়ে গেলেও পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে না। প্যাকটি কিনে অতিরিক্ত এআই সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

যেভাবে কাজ করবে নতুন প্যাক

অ্যাপলের ক্রিয়েটর স্টুডিওর বিভিন্ন অ্যাপে ছবি তৈরি, প্রেজেন্টেশনসহ এআইনির্ভর নানা কাজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনা মূল্যের ব্যবহারের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সীমা শেষ হলে পরবর্তী মাস শুরু না হওয়া পর্যন্ত এসব এআই সুবিধা ব্যবহারে সীমাবদ্ধতা থাকে।

নতুন প্যাক কিনলে বিনা মূল্যের সীমা শেষ হওয়ার পরও অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে। অ্যাপলের সহায়তা পৃষ্ঠার তথ্য অনুযায়ী, কেনা প্যাকের অব্যবহৃত সুবিধা পরবর্তী মাসেও ব্যবহার করা যাবে। কেনার দিন থেকে এর মেয়াদ থাকবে ১২ মাস।

তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। বিনা মূল্যের মাসিক ব্যবহারের সীমা শেষ হওয়ার পরই কেবল কেনা প্যাকের সুবিধা কাজে লাগবে। প্যাকটি যে অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে কেনা হবে, সেটির সঙ্গেই যুক্ত থাকবে। ফলে ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এটি ভাগ করা যাবে না।

এ ছাড়া প্যাকটি কিনতে হলে ক্রিয়েটর স্টুডিওর সক্রিয় সাবস্ক্রিপশন থাকতে হবে।

কোন কোন অ্যাপে পাওয়া যাবে?

বর্তমানে শুধু লজিক প্রো অ্যাপে নতুন প্যাক কেনার সুবিধা চালু হয়েছে। অ্যাপটির মেনুবার থেকে ‘ইন্টেলিজেন্স ফিচারস’ অপশনে গিয়ে ‘শো ইউসেজ’ নির্বাচন করলে এআই ব্যবহারের পরিমাণ দেখা যাবে।

চলতি মাসের শেষ দিকে নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফাইনাল কাট প্রো, পিক্সেলমেটর প্রো এবং আইওয়ার্ক স্যুটের অ্যাপগুলোতেও এ সুবিধা চালুর কথা রয়েছে।

ভবিষ্যতে সিরি এআই, ইমেজ প্লেগ্রাউন্ড ও ছবি সম্পাদনার মতো সার্ভারনির্ভর এআই সুবিধার ক্ষেত্রেও একই ধরনের অর্থ পরিশোধের ব্যবস্থা চালু হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতসহ আট দেশে চালু

অ্যাপলের নতুন এআই ব্যবহারের প্যাক ভারতসহ আটটি দেশে চালু হয়েছে। অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও মেক্সিকো।

তবে ৪৯ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে ঠিক কতটুকু অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে, তা এখনো স্পষ্ট করেনি অ্যাপল। এআই ব্যবহারের পরিমাণ কাজের ধরন ও জটিলতার ওপর নির্ভর করে। ফলে প্যাকটি কিনলে কতটি ছবি তৈরি করা যাবে কিংবা কতগুলো কাজ সম্পন্ন করা সম্ভব হবে, তা আগেভাগে নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!