মদনে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনার টাকা ইউপি সদস্যের পকেটে
ছিলেন স্থানীয় যুবলীগ নেতা। দাপট দেখিয়ে হয়েছেন ইউপি সদস্য। ৫ আগস্টের পর সরকার দলীয় নেতাদের প্রশ্রয়ে হয়ে গেছেন বিএনপির কর্মী। আর সেই ক্ষমতার দাপটেই বাগিয়ে নিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার অর্থ — এমনই অভিযোগ উঠেছে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগজান গ্রামের ইউপি সদস্য আব্দুল্লাহর বিরুদ্ধে।
স্থানীয়দের আরও অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এলাকায় নানা অনিয়ম করেছেন। এমনকি মসজিদের ইমামকে হেনস্তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে স্থানীয়রা মুখ খুলতে ভয় পান বলে জানিয়েছেন।
গত বোরো মৌসুমে অতিবৃষ্টির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। সরকার কৃষকদের জন্য প্রণোদনা ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, তিনি নিজেসহ বাবা, ভাই, ভাবি, শ্যালিকা, শ্যালক, ভায়রা ভাই, ভাগ্নি জামাইসহ ঘনিষ্ঠ আত্মীয় ১৫ জনের নাম এ তালিকায় ঢুকিয়েছেন। এছাড়াও ভুয়া নামে তিনি প্রণোদনার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে স্থানীয়রা মনে করেন, ইউপি সদস্যের স্বেচ্ছাচারিতায় প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন ওই এলাকার প্রকৃত কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে ওই প্রণোদনার টাকা ও চাল নিজের পকেটে ঢুকিয়েছেন তিনি। আওয়ামী লীগের আমলে যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নিজের খোলস পরিবর্তন করে বিএনপির কর্মী হয়ে গেছেন।
তালিকা অনুযায়ী, ইউনিয়নের সেই তালিকায় ২৫০ নম্বরে নাম রয়েছে ইউপি সদস্য আব্দুল্লাহ নিজের। এছাড়াও ২১৭ নম্বরে তার আপন মেজো ভাই, ২৪৫ নম্বরে ভাগ্নি জামাই হোসেন মিয়া, ২৫৪ নম্বরে আপন বড় ভাই আব্দুল মন্নাফ, ২৫৫ নম্বরে বড় ভাইয়ের বউ বিউটি আক্তার, ২৫৭ নম্বরে বাবা আজির উদ্দিন, ২৫৮ নম্বরে শ্যালক এনামুল হক, ২৯৩ নম্বরে মেম্বারের শ্যালিকা আইরিন আক্তার, ২৯৪ নম্বরে ভায়রা ভাই সানোয়ার হোসেন, ২৯৫ নম্বরে নুপুর নামে ভুয়া এক নাম, ২৯৬ নম্বরে মেম্বারের আরেক ভাইয়ের বউ হাফসা আক্তারের নাম এবং ২০৭ ও ২৬১ নম্বরে জামাল হোসেন (আপন চাচাতো ভাই) নামে একই ব্যক্তির একাধিক নাম রয়েছে।
স্থানীয় কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বন্যায় সব হারিয়েছি, জমির ফসল নষ্ট হয়েছে। কিন্তু মেম্বার আমাদের নাম তালিকায় দেননি। যারা কৃষকই না, তারা প্রণোদনা পাচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল্লাহ বিষয়টি অস্বীকার করে বলেন, “এসব নাম কীভাবে যুক্ত হয়েছে এবং এর অর্থ কারা উত্তোলন করেছে, তা আমি কিছুই জানি না।”
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের বলেন, “অভিযোগটি খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”