শিশিরভেজা আলোর প্রতীক্ষায়
আর আমার কিছু করতে ইচ্ছে করছে না।
ইচ্ছে করছে নামহীন বিকেলের মতো গাছের ছায়ায় চুপচাপ পড়ে থাকি-
যেখানে বাতাস আমার নাম জানে, তবে কখনো ডেকে ওঠে না।
পৃথিবীকে দূর থেকে দেখতে চাই। যেমন নদী ওপারের আলো দেখে, তবু আর সেদিকে সাঁতার কেটে যায় না। যেমন পাখি অনেক আকাশ পেরিয়েও কোনো ডালে ফেরে না, আরও কিছুক্ষণ বাতাসে ভেসে থাকে- কোনো ঠিকানা ছাড়া, কোনো তাড়া নেই যেন তার।
ইচ্ছে করে কয়েক দিনের জন্য সব শব্দের বাইরে চলে যাই, নিভৃতির কাছে। এমন এক নীরবতায়, যেখানে কোনো পরিচয় নেই, কোনো কর্তব্য নেই, এমনকি নিজেকেও প্রমাণ করার কোনো দায় নেই।
কোনো সময় আমাকে তাড়া করবে না। আগামীকাল কোনো দরজায় কড়া নাড়বে না। শুধু ঘাসের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাবে বাতাস, আর আমি শুনব- পৃথিবীরও যে ক্লান্তি আছে, তার ক্ষীণ, গভীর নিশ্বাস।
এ আমার একটুখানি মাটি হয়ে মাটির পাশে থাকা। একটুখানি আকাশ হয়ে আকাশের নিচে পড়ে থাকা। নীরব হয়ে নিজের ভেতরের শব্দগুলোকে শুনতে পাওয়া।
তারপর যদি কোনো এক ভোরে শিশিরভেজা আলো এসে কাঁধে হাত রাখে, পথে নামব কিনা, সে সিদ্ধান্ত তখনই হবে। কিন্তু তার আগে, আমাকে কয়েক দিন কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো গন্তব্য ছাড়া, পুরোনো এক গাছের মতো শুধু দাঁড়িয়ে থাকতে দাও।