ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

গুপ্তচরবৃত্তির অভিযোগ, এনভিডিয়ার প্রধানকে ঘিরে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯, ৯ নভেম্বর ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগ, এনভিডিয়ার প্রধানকে ঘিরে তদন্ত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগের তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই নারী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ কিনত। চীনে নিষিদ্ধ উন্নত প্রযুক্তির চিপ পৌঁছে দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটি নিয়ে মার্কিন কর্তৃপক্ষের নজরদারি রয়েছে।

এনভিডিয়া জানিয়েছে, পরিচালনা পর্ষদের স্বাধীন সদস্যদের নিয়ে একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত করবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হুয়াং কর্মীদের কাছে পাঠানো বার্তায় ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন। তদন্ত চললেও তিনি প্রধান নির্বাহীর দায়িত্বে থাকছেন।

সূত্র: রয়টার্স, এবিসি নিউজ, আলজাজিরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!