নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট জোরালো হচ্ছে
শত শত মানুষ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান এবং নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছেন। শনিবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় জেজরিল উপত্যকায় প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ করেন।
একই দাবিতে মধ্য তেল আবিবের হাবিমাহ স্কয়ারেও কয়েকশ মানুষ জড়ো হন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
তেল আবিবের বিক্ষোভকারীদের হাতে আরবি ও হিব্রু ভাষায় লেখা প্ল্যাকার্ড ছিল। এতে লেখা ছিল, ‘৬৭ আসন, চলুন নতুন পথ নিই’। ইসরায়েলের ১২০ আসনের সংসদ নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা বোঝাতে এই স্লোগান দেওয়া হয়। এর মধ্যে আরব দলগুলোর আসনও রয়েছে।
বিক্ষোভকারীরা ‘অংশীদারিত্ব ছাড়া শান্তি নেই’, ‘ভাগ করো ও শাসন করো নীতি বন্ধ করো’ এবং ‘সবার জন্য স্বাধীনতা ও সমতা’—এমন স্লোগান দেন। ইহুদি ও আরবদের মধ্যে অংশীদারিত্ব এবং রাজনৈতিক সমতার পক্ষে কাজ করা সংগঠন ‘স্ট্যান্ডিং টুগেদার’ও এতে অংশ নেয়।
এ সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি সাংবাদিক আবদ আবু শাহাদেহর মুক্তির দাবিও জানান কয়েকজন বিক্ষোভকারী। কাতারের দোহায় গিয়ে সাবেক সংসদ সদস্য আজমি বিশারার সাক্ষাৎকার নেওয়ার পর বিদেশি কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগের সন্দেহে গত বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুবিরোধী দলগুলো মোট ৬৭টি আসন পেয়েছে। এর মধ্যে দুটি আরব জোটের আসন ১৯টি। অন্যদিকে নেতানিয়াহুর সমর্থক দলগুলো পেয়েছে ৫৩টি আসন।
তবে বিরোধী শিবিরের বেশিরভাগ নেতা আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার গঠনে আপত্তি জানিয়েছেন। তাদের সম্মিলিত আসনসংখ্যা ৪৮, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম।