ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নিউজিল্যান্ডে উপকূলে আটকে ৪৩টি তিমির মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬, ৮ নভেম্বর ২০২৬
নিউজিল্যান্ডে উপকূলে আটকে ৪৩টি তিমির মৃত্যু
ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের প্রত্যন্ত উপকূলীয় এলাকায় দলছুট হয়ে আটকে পড়া ৪৩টি পাইলট তিমির সব কটিই মারা গেছে। দেশটির সংরক্ষণ বিভাগ (ডিওসি) এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কেপ প্যালিসারের কাছে তিমিগুলোকে উপকূলে আটকে থাকতে দেখা যায়। খবর পেয়ে সংরক্ষণ বিভাগ, দাতব্য সংস্থা ‘প্রজেক্ট জোনাহ’ এবং স্থানীয় মাওরি সম্প্রদায়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে সেখানে অন্তত ২০টি তিমি দেখা যায়। এর মধ্যে চারটি জীবিত ছিল বলে জানিয়েছিল প্রজেক্ট জোনাহ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ডিওসি জানায়, এনগাউই থেকে মাঙ্গাতোয়েতো উপকূল পর্যন্ত মোট ৪৩টি তিমি আটকে পড়েছে। তবে কোনো তিমিই আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

প্রবল ঢেউ ও চারপাশে ছড়িয়ে থাকা ধারালো পাথরের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। উদ্ধারকর্মী ও প্রজেক্ট জোনাহর সদস্যদের চেষ্টা সত্ত্বেও একে একে সব তিমির মৃত্যু হয়।

এক বিবৃতিতে প্রজেক্ট জোনাহ জানায়, উদ্ধার অভিযানে অংশ নেওয়া সবার জন্য ঘটনাটি ছিল অত্যন্ত কঠিন, কষ্টদায়ক ও মর্মান্তিক।

স্থানীয় জেলে অ্যান্ড্রু সিমও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

মাওরি সংস্কৃতিতে তিমিকে ‘তাওঙ্গা’ বা মূল্যবান ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে মৃত তিমিগুলো যথাযথ মর্যাদায় সমাহিত করার কাজ করছে সংরক্ষণ বিভাগ।

বিশেষজ্ঞদের মতে, নিউজিল্যান্ডের গ্রীষ্মকালে খাবারের সন্ধানে উপকূলের কাছাকাছি আসার সময় পাইলট তিমির দল এভাবে তীরে আটকে পড়তে পারে। তবে এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!