তিন দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন ডাচেস সোফি
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অংশীদারির বিভিন্ন দিক তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
বাকিংহাম প্যালেসের ঘোষণা অনুযায়ী, সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এ উপলক্ষে রাজধানী ঢাকা ও কক্সবাজারে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফি। প্রিন্স এডওয়ার্ড এডিনবরার ডিউক।
সফরসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব জানতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ঘুরে দেখবেন ডাচেস। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টি এ আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণদের নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন ডাচেস সোফি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।
ঢাকার কর্মসূচি শেষে তিনি কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলোর কার্যক্রম পরিদর্শন করবেন।
রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকালে বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি শরণার্থী নারীদের নেতৃত্ব বিকাশ এবং সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে নেওয়া উদ্যোগগুলোও পর্যবেক্ষণ করবেন।