ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]
সাইবার নিরাপত্তা জোরদারে ৩ অগ্রাধিকার

সরকারি তথ্য সুরক্ষায় কার্যকর নীতিমালা চান মন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:০৯, ১০ নভেম্বর ২০২৬
সরকারি তথ্য সুরক্ষায় কার্যকর নীতিমালা চান মন্ত্রী
সংগৃহীত ছবি

সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) ও ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল এবং কার্যকর নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেছেন, সরকারি কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সাইবারসিকিউরিটি অ্যান্ড ডেটা প্রোটেকশন’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘সাইবারসিকিউরিটি ফর রেজিলিয়েন্ট ডিজিটাল গভর্নমেন্ট’।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে ‘এক নাগরিক-এক পরিচয়-এক ওয়ালেট’—সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর। এতে নাগরিকদের সুযোগ বাড়লেও একই সঙ্গে সাইবার হুমকিও বাড়ছে।

সাইবার নিরাপত্তায় তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নকশা ও প্রযুক্তি ব্যবস্থার শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অবকাঠামো তৈরির পর নিরাপত্তা যুক্ত করার পরিবর্তে একে উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সুরক্ষা ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত। এ জন্য কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা তৈরি করতে হবে।

সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেমিনারের সুপারিশ বাস্তবায়নে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিকে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতো ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও এখন অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকদের তথ্যের সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। সাইবার অপরাধীদের মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও দক্ষতা নিয়ে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকি, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও সার্ট/সিএসআইআরটির কার্যক্রম, সরকারি নেটওয়ার্ক সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান তুলে ধরছেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং বাংলাদেশের সাইবার স্থিতিশীলতা জোরদারে করণীয় নিয়েও আলোচনা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাকসেলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!