ছয় দিনে নড়াইলের লোহাগড়ায় তিন খুন,
নড়াইলের লোহাগড়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও অটোভ্যানচালক আজিবার শেখ (৫০)।
তিনটি ঘটনার মধ্যে দুটিতে হত্যা মামলা হলেও এখনো প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাত বাঁধা অবস্থায় আজিবার শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে কৃষক খুন
গত বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে কৃষক হাসানুর শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তার চাচাতো ভাই হাসদেল শেখের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর। এ সময় হাসদেল শেখ তার জমিতে গাছের ছায়া পড়বে বলে আপত্তি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখ ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সায়েরা বেগম চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। তবে এখনো এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
এর পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বয়রা দক্ষিণপাড়া গ্রামে কৃষক আফসার শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তার ছেলে খাইরুল শেখের (২৫) বিরুদ্ধে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খাইরুল তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন। পরে তার বাবা আফসার শেখ স্থানীয় বউবাজার এলাকা থেকে সাইকেলে বাড়ি ফেরার পর ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে খাইরুল বটি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় খাইরুলের স্ত্রী ও নিহতের স্ত্রী আফসারকে ধরে রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
ঘটনার পর হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্থানীয়রা খাইরুলের মা ও স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. শামীম শেখ বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে সোমবার (৯ নভেম্বর) পুলিশি জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারে নাম থাকায় তাদের গ্রেফতার দেখানো হয়। তবে প্রধান অভিযুক্ত খাইরুল শেখ এখনো পলাতক রয়েছেন।
হাত বাঁধা অবস্থায় অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার
সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে অটোভ্যানচালক আজিবার শেখের (৫০) হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার। সাধারণত সন্ধ্যায় বাড়ি ফিরলেও ওই দিন তিনি আর ফেরেননি। পরে স্বজনরা তার খোঁজ শুরু করেন। রাত দেড়টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার অটোভ্যানটি পাওয়া যায়।
মঙ্গলবার সকালে স্থানীয়রা পাশের একটি বাড়ির ছাদে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে আজিবারের মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হাসানুর শেখ হত্যা মামলায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আফসার শেখ হত্যা মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত খাইরুল পলাতক রয়েছেন।
তিনি আরও বলেন, আজিবার শেখের মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। দুই মামলার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি আজিবারের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।