যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে চীন: তাইওয়ান
পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর অন্যান্য জাহাজ নিয়ে সামরিক মহড়া চালিয়েছে চীন। এ মহড়ার মাধ্যমে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রসহ বাইরের কোনো দেশের সামরিক বাহিনীর প্রবেশ ঠেকানোর সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি বলে দাবি করেছে তাইওয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগর ও আশপাশের এলাকায় চীনের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দ্বীপটির আশপাশের আকাশ ও জলসীমায় নিয়মিত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠায় দেশটি।
গত সপ্তাহে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনের সামরিক তৎপরতার তথ্য প্রকাশ করেন। সেখানে বলা হয়, তাইওয়ানের উপকূল, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরে চীনের ১০০টির বেশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ চলাচল করছে।
একই সময়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বীপটির আশপাশে চীনা যুদ্ধবিমানের চলাচলও বেড়েছে। তবে চীন আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক মহড়ার ঘোষণা দেয়নি।
মঙ্গলবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী কু জানান, পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন সামরিক মহড়া চালিয়েছে। এতে লিয়াওনিং বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর অন্য প্রশিক্ষণ বহর অংশ নেয়।
কুর ভাষ্য অনুযায়ী, মহড়ার অন্যতম উদ্দেশ্য ‘অ্যান্টি-অ্যাকসেস/এরিয়া ডিনায়াল’ বা এ২এডি কৌশল বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া। এ কৌশলের মাধ্যমে কোনো সংঘাতের সময় বাইরের দেশের সামরিক বাহিনীকে নির্দিষ্ট অঞ্চলে প্রবেশ করা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়।
তাইওয়ানের ক্ষেত্রে এর অর্থ, চীন সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলো যেন দ্বীপটির সহায়তায় এগিয়ে আসতে না পারে, সেই সক্ষমতা তৈরি করা।
এ বিষয়ে জানতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত মাসে মন্ত্রণালয়টি জানিয়েছিল, লিয়াওনিং বিমানবাহী রণতরির পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণ নিয়মিত বার্ষিক কার্যক্রমের অংশ। দূর সমুদ্রে দীর্ঘ সময় সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করতেই এ প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এ মহড়া চালানো হয় না বলেও জানায় চীন।
আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমন প্রেক্ষাপটে চীনের সামরিক মহড়ার বিষয়টি সামনে এসেছে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী কু বলেন, চীনের সামরিক তৎপরতার ওপর নজর রাখছে তাদের সশস্ত্র বাহিনী। তার মতে, এ ধরনের সামরিক শক্তি প্রদর্শন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।
তিনি আরও জানান, চীনের তৎপরতা পর্যবেক্ষণে বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি ব্যবহারের পথ খোলা রেখেছে চীন। তবে দেশটির দাবি, তারা শান্তিপূর্ণভাবে তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ চায়। অন্যদিকে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু তাইওয়ানের জনগণের।