ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে সতর্ক করল ফ্রান্স

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩, ১০ নভেম্বর ২০২৬
সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে সতর্ক করল ফ্রান্স
ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রায় ৭০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্রিজ অচল করে দেওয়ার সাইবার হামলার পেছনে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সংশ্লিষ্টতা পেয়েছে দেশটির সরকার। গত অক্টোবরের ওই হামলায় খাবার নষ্ট হওয়ার পাশাপাশি অন্তত ১৫টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ফ্রান্স।

সোমবার (৯ নভেম্বর) ফরাসি কর্মকর্তারা এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানান, এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ১১ অক্টোবরের হামলায় ফ্রান্সের প্রায় ৭০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই ছিল সুপারমার্কেট। এ ছাড়া ছোট মাংসের দোকান, কসাইখানা ও খাদ্য প্রক্রিয়াজাতকারী কারখানাও হামলার শিকার হয়।

হ্যাকাররা ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অচল করে দেওয়ায় বিভিন্ন স্থানে মাংস পচে যায় এবং আইসক্রিম গলে যায়। নষ্ট হওয়া খাবার পরে ফেলে দিতে হয়। এ ছাড়া অন্তত ১৫টি স্থানে আগুন লাগার ঘটনাও ঘটে।

ফরাসি গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ‘শহীদ কাভেহ’ নামের একটি হ্যাকার দল এ হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হামিদ রেজা লাশগারিয়ান, মাহদি লাশগারিয়ান ও রেজা সালারভান্দ নামে তিনজনের পরিচয়ও প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা ‘সাইবার অ্যাভেঞ্জার্স’ ও ‘সাইবার ইসনাদ ফ্রন্ট’সহ বিভিন্ন নামে নিজেদের পরিচয় দিত। হামলায় ব্যবহৃত ডিজিটাল ব্যবস্থা, হ্যাকিংয়ের কৌশল এবং সাইবার কার্যক্রমে ফারসি ভাষার চিহ্ন বিশ্লেষণ করে ফরাসি কর্মকর্তারা ইরানি গোষ্ঠীটির সংশ্লিষ্টতা শনাক্ত করেছেন। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন প্যারিসের প্রসিকিউটররা।

এ হামলার পর চলতি মাসে ইউরোপের বিভিন্ন দেশে আরও এক দফা সাইবার হামলার ঘটনা ঘটে। এতে ১০০টির বেশি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ফ্রান্সের ব্লাড ব্যাংকের কয়েকটি ফ্রিজও আক্রান্ত হয়। ফলে সংরক্ষিত রক্ত অন্য ফ্রিজে সরিয়ে নিতে বাধ্য হন সংশ্লিষ্ট কর্মীরা।

ইউরোপে হামলার আগে যুক্তরাষ্ট্রেও একই ধরনের ঘটনা ঘটে। গত আগস্টে দেশটির অন্তত ছয়টি সামরিক খাবারের দোকানের ফ্রিজ অচল হয়ে যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তদন্তকারীরা ঘটনাটিকে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে দেখছেন। এ বিষয়ে ফরাসি কর্মকর্তাদের সঙ্গেও কাজ করছেন তারা।

তদন্ত সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, ওই হামলার পেছনেও ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করছে পেন্টাগন। তবে তদন্ত এখনো শেষ হয়নি। সোমবার পেন্টাগন জানায়, সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে তারা অবগত থাকলেও নিরাপত্তার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করবে না।

এদিকে, প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটও অক্টোবরের ফ্রিজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা শনাক্ত করেছিল বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। তাদের দাবি, হামলার অন্তত দুই সপ্তাহ আগেই প্রতিষ্ঠানটি গোপনে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছিল। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মাইক্রোসফট।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফ্রিজ অচল করে দেওয়ার এ ঘটনা ইরানের উন্নত সাইবার সক্ষমতার চেয়ে সংশ্লিষ্ট যন্ত্রগুলোর নিরাপত্তা দুর্বলতাকেই বেশি সামনে এনেছে। ক্ষতিগ্রস্ত অনেক ফ্রিজ পুরোনো প্রযুক্তি ও সফটওয়্যারে চলছিল। ফলে সেগুলোতে হ্যাকারদের প্রবেশ সহজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্টের জ্যেষ্ঠ গবেষক সাহের নোমানের মতে, এ হামলা খাবার সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর নিরাপত্তা কতটা দুর্বল হতে পারে, তা স্পষ্ট করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!