ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

ফতুল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭, ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি ৪৮ শিক্ষার্থীর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তাঁরা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পাঁচতলা মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ওই তলায় একটি লাইব্রেরি ছিল, যা আগুনে পুড়ে গেছে।

চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!