তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ শ্রমিক
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে পড়লে এর সঙ্গে থাকা সরঞ্জাম নিচে থাকা চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।
সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক। হাবাস ডেমির সেলিক তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।
ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন জ্বলতে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় গভর্নর জানান, সোমবার দুপুরের দিকে এ বিস্ফোরণ ঘটে। তখন ক্রেনের সাহায্যে নতুন একটি বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে এবং এর সঙ্গে থাকা সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে এ ঘটনায় ১৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে একজনের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে। অন্যদিকে, কারখানাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তুরস্কের জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।