স্টারলিংকের বিধিনিষেধ নিয়ে মাস্ক-ট্রাম্পের বক্তব্যে ভিন্নতা
স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবায় গতি সীমিত করার কারণে রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, বিশেষ করে রুশ ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে এই বিধিনিষেধ বড় সমস্যা তৈরি করছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমরা আশা করছি এই বিধিনিষেধগুলো তুলে নেওয়া হবে। শীতের আগে মানুষের জীবন এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রক্ষা করা সরাসরি এর ওপর নির্ভর করছে।’
জেলেনস্কি জানান, এ বিষয়ে মার্কিন সরকার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘ইতিহাসের সঠিক পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স স্টারলিংক নামে স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনা করে। মার্কিন সরকারের মাধ্যমে ইউক্রেন এই সেবা পেয়ে থাকে। গত কয়েক সপ্তাহ ধরে স্টারলিংকের গতি ও ব্যবহারের বিধিনিষেধ নিয়ে জটিলতা চলছে। ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য সাধারণ স্টারলিংক সেবা ব্যবহার করেন। অন্যদিকে, ইউক্রেনের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজে এর সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহার করা হয়।
স্টারশিল্ডের গতিসীমা নিয়ে বিধিনিষেধের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত অক্টোবরে। এ নিয়ে ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভিন্নতা দেখা যায়। মাস্ক এ বিধিনিষেধের জন্য মার্কিন সরকারকে দায়ী করেন। তার দাবি, স্টারশিল্ড মার্কিন সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তবে ট্রাম্প দায় অস্বীকার করে জানান, তিনি মাস্ককে সেবাটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে বলেছেন।
এরপর এক সপ্তাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে মনে হলেও ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, বিধিনিষেধ বহাল রয়েছে।
রাশিয়ার অভ্যন্তরে তেল অবকাঠামোয় ইউক্রেনের হামলা নিয়ে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের সময়েই স্টারলিংকের গতি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পের দাবি, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে কিয়েভের বক্তব্য, মস্কোর যুদ্ধের অন্যতম প্রধান আয়ের উৎস বন্ধ করতে এসব হামলা জরুরি।
রোববার জেলেনস্কি বলেন, বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে রাশিয়ার জেটচালিত ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেনকে হিমশিম খেতে হচ্ছে। কারণ, সম্মুখসারি ও সাময়িকভাবে অধিকৃত অঞ্চলগুলোতে স্টারশিল্ড টার্মিনালের পরিচালনগতির ওপর বিধিনিষেধ এখনো বহাল রয়েছে।
ইরানি নকশায় তৈরি ড্রোনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের ইন্টারসেপ্টর ড্রোনগুলো ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে পৌঁছালে অপারেটরদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এবং রাশিয়ার জেটচালিত ‘শাহেদ’ ড্রোনগুলোকে ধরতে পারে না।’
শুক্রবার জেলেনস্কি জানিয়েছিলেন, গত সোমবার থেকে নেটওয়ার্কে ঘণ্টায় প্রায় ১৬১ কিলোমিটার গতিসীমা আরোপ করা হয়েছে। তবে এই বিধিনিষেধ পুরো ইউক্রেনে নয়, শুধু রাশিয়ার অধিকৃত এলাকাগুলোতে কার্যকর করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কি বলেন, ‘এর রাজনৈতিক প্রভাব রয়েছে। আপনি যদি সেখানে বিধিনিষেধ আরোপ করেন, তবে আপনি আংশিকভাবে স্বীকার করে নিচ্ছেন যে সাময়িকভাবে অধিকৃত ওই অঞ্চলগুলো আমাদের নয়।’
এদিকে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরেরও তীব্র সংকটে রয়েছে ইউক্রেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে।
ইউক্রেনের তথ্য অনুযায়ী, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাশিয়া জাপোরিঝিয়া, সুমি, ওদেসা, ঝিতোমির ও কিরোভোহরাদ অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। এ ছাড়া নিপ্রো, খারকিভ ও জাপোরিঝিয়া অঞ্চলের রেল অবকাঠামোতেও হামলা হয়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দোনেৎস্ক ও কিয়েভ অঞ্চলে হামলায় আহত হয়েছেন আরও দুজন।
চেরনিহিভ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ চাউস জানান, ওই অঞ্চলের মেনা এলাকায় একটি অবকাঠামো স্থাপনায় হামলায় দুজন নিহত হয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও জানান, পুরো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে একাধিক হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের দাবি, তারা মধ্য রাশিয়ার নিজনেকামস্ক শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানা ও একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, ১৫ নভেম্বর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো তাতারস্তানের নিজনেকামস্কে হামলা চালায়। রাশিয়ার যুদ্ধের জন্য কাঁচামাল ও জ্বালানি সরবরাহ করে—এমন দুটি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়।
এ ছাড়া আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার জানান, সীমান্তবর্তী শিল্পনগরী তাগানরগে ইউক্রেনের আরেকটি হামলায় একজন নিহত হয়েছেন। মস্কো-নিযুক্ত আঞ্চলিক নেতা লিওনিদ পাসেচনিকের দাবি, অধিকৃত লুহানস্ক অঞ্চলে এক লরিচালক ও এক বৃদ্ধা নিহত হয়েছেন।