ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নেতানিয়াহুর প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে হতাশ জো বাইডেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০৪, ১৬ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুর প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে হতাশ জো বাইডেন
ছবি: রয়টার্স

গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও তা বাস্তবায়ন করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রকাশিতব্য স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, নেতানিয়াহু বারবার আশ্বাস দিলেও ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি বন্ধ হয়নি।

‘প্রমিস মি, আমেরিকা’ শীর্ষক স্মৃতিকথায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং নেতানিয়াহুর সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন। শুক্রবার (১৩ নভেম্বর) সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বইটির কিছু অংশ প্রকাশিত হয়। আগামী ১৭ নভেম্বর স্মৃতিকথাটি প্রকাশের কথা রয়েছে।

বাইডেনের ভাষ্য অনুযায়ী, হামাসের হামলার পর তিনি নেতানিয়াহুকে একাধিকবার ফোন করেন। ওই ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে তাকে আশ্বস্ত করেন। একই সঙ্গে গাজায় ইসরায়েলি অভিযানের মধ্যে আটকে পড়া বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

স্মৃতিকথায় বাইডেন উল্লেখ করেন, বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকলে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ও যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত হতে পারে—এ বিষয়টি নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন। এ বিষয়ে সতর্ক থাকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারই নতুন করে হামলা চালানো হয়েছে এবং তাতে আরও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রশ্ন তোলা হলে ইসরায়েলি পক্ষ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, নেতানিয়াহু যে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন, তা তিনি বুঝতেন। তবে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিতে নেতানিয়াহুর অনিচ্ছা তাকে হতাশ করেছে।

স্মৃতিকথায় দুই নেতার মধ্যকার আস্থার সংকটের কথাও তুলে ধরেছেন বাইডেন। তার মতে, নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকলেও তাদের মধ্যে যথেষ্ট বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি। নেতানিয়াহুর কিছু আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়েও উদ্বেগ ছিল তার।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) উদ্ধৃত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সংঘাতে প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন বিপুলসংখ্যক মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!