ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে ২৮ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪, ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে ২৮ জনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে নাশকতার পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

রোববার (১৫ নভেম্বর) রাতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথে মুকসুদপুর সরকারি কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। বাদীও তাদের অনুসরণ করে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে অভিযুক্তরা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার দুপুরে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়। এতে ২৮ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!