ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ১৬ নভেম্বর ২০২৬
অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের
সংগৃহীত ছবি

অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬ বিধি ও সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রিটকারীর পক্ষের আইনজীবী হাসানুল বান্না। বিজ্ঞপ্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আদালতের দেওয়া আরও কয়েকটি নির্দেশনার কথা তুলে ধরা হয়।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, নীরব এলাকায় (সাইলেন্ট জোন) যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন, এসব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়, বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন এবং মোবাইল ফোনে বিশেষ বার্তা পাঠানো।

এ ছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুযায়ী শব্দদূষণসংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তিতে বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার বিভিন্ন বিধান সম্পর্কে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের।

নির্দেশনাগুলো বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি তিন মাস পরপর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রুলে জানতে চাওয়া হয়েছে, প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন সংবিধানবিরোধী, বেআইনি এবং জননিরাপত্তা ও জনস্বার্থের পরিপন্থী ঘোষণা করা হবে না।

এ ছাড়া আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুসারে নীরব এলাকা, নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!