শুরুটা হতাশার হলেও হৃদয়ের সেঞ্চুরিতে দিনটা বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান তুলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। চতুর্থ উইকেটে ভালো জুটি পেলেও রাবাদার জোড়া আঘাতে ফের ব্যাটফুটে চলে যায় বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে তাওহিদ হৃদয়-লিটন দাসের ২০৬ রানের জুটিতে দিন শেষে এগিয়ে রয়েছে সফরকারীরাই। তবে দিনের শেষ বলে ব্যক্তিগত ১৩৭ রানে ফিরেছেন হৃদয়, ৯২ রানে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস।
জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। তবে কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই তিনি গালিতে ক্যাচ দিয়েছেন মার্কো জানসেনের হাতে। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে ফিরেছেন রবিন।
এরপর ৭ বলে রানের খাতা খোলার আগেই রাবাদার বলে উইকেটের পেছনে ধরা পড়েন মুমিনুল হক। তিনে নামা অধিনায়ক শান্তও রাবাদার ইনসুইংয়ে বোঁকা বনে যান। তার ড্রাইভ খেলতে চাওয়া ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে কয়েক পাক খেয়ে পড়ে। ২৩ বলে ১২ রান করে তিনি।
এরপর দেখেশুনে খেলতে থাকেন হৃদয়-তানজিদ জুটি। বাংলাদেশকে চাপমুক্ত করে দলীয় স্কোর বড় করছিলেন তারা। এর মধ্যেই ফিফটি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুজনের জুটিতে আসে ৯৯ রান।
তানজিদের সামনে ফিফটিকে শতকে রূপ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ফের বাধা হয়ে দাঁড়ান রাবাদা। প্রোটিয়া পেসারের বলে বোল্ড হন তানজিদ। আউট হওয়ার আগে ১০৮ বলে ৬৭ রান করেন তিনি। পরের বলে আরও একটি উইকেট হারায় টাইগাররা। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম।
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে লিটন দাসকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে যান তাওহিদ হৃদয়। প্রোটিয়া বোলারদের রীতিমতো শাসন করে যান এই দুই ব্যাটার। ফিফটির পর শতকও তুলে নেন হৃদয়। সুযোগ ছিল ব্যক্তিগত ইনিংসটা আরও বড় করার। কিন্তু দিনের শেষ বলে আউট হয়ে যান এই ডানহাতি ব্যাটার। হৃদয়ের ইনিংস থামে ১৩৭ রানে। ২২৭ বলে খেলা তার এই ইনিংসটি ১৪টি চার ও একটি ছয়ে সাজানো।
দিনশেষে অপরাজিত রয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। ফিফটি পূরণের পর ৯২ রানে অপরাজিত রয়েছেন তিনি।
প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার কাগিসো রাবাদা। একাই ৫ উইকেট নিয়েছেন তিনি। বাকি একটি উইকেট পেয়েছেন মার্কো ইয়ানসেন।