ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হামজা চৌধুরী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:২৯, ১১ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন হামজা চৌধুরী। শুধু একাদশে ফেরাই নয়, প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। তার নেতৃত্বেই আজ মাঠে নামবে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও।

ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে দলের সঙ্গে যোগ দেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই শুরুর একাদশে রেখেছেন কোচ।

বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ভুটানের বিপক্ষে ম্যাচের পর অনুশীলনে পায়ে চোট পান বিশ্বনাথ ঘোষ। ফলে এই ম্যাচে খেলতে পারছেন না তিনি। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড।

এ ছাড়া ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে একাদশে ফিরেছেন ফারহান আলী ওয়াহিদ। অন্যদিকে জামাল ভূঁইয়ার জায়গায় খেলবেন হামজা চৌধুরী।

অধিনায়কত্বেও এসেছে পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগে তপু বর্মণকে অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। তবে প্রথম ম্যাচের ওয়ার্ম-আপে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান তিনি। পরে নেতৃত্বের দায়িত্ব পান জামাল ভূঁইয়া। এবার হামজার প্রত্যাবর্তনের সঙ্গে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে তার হাতে।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন হামজা। তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে তার প্রথম।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), হামজা চৌধুরী (অধিনায়ক), জিদান ইউসুফ, রাকিব হোসেন, তারিক কাজী, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, কাজেম শাহ, সাদ উদ্দিন, শমিত সোম ও মোহাম্মদ ইব্রাহিম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!