ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ১১ নভেম্বর ২০২৬
কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
ভোট কেন্দ্র। ফাইল ছবি

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা হবে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারসংক্রান্ত বিষয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সদর উপজেলা ও সদর সংলগ্ন ইউনিয়ন পরিষদ অগ্রাধিকার পাবে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!