বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, নিরাপত্তায় উদ্বেগ
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্মগুলোর একটি বাইন্যান্সে (Binance) বড় ধরনের সাইবার হামলার ঘটনা ডিজিটাল মুদ্রা খাতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। উত্তর কোরিয়ার একটি দক্ষ হ্যাকার গোষ্ঠীর বিরুদ্ধে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনা বিশ্বের ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলোর দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং সাইবার হামলা মোকাবিলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর সংঘটিত এই চুরিকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক মাস ধরে পরিকল্পনা ও প্রস্তুতির পর মাত্র কয়েক মিনিটের মধ্যে এই হামলা সম্পন্ন হয় বলে বাইন্যান্সের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলায় কোনো প্রতিষ্ঠানের একজন কর্মীর কম্পিউটার বা প্রবেশসংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে পারলেই হ্যাকাররা পুরো ব্যবস্থায় প্রবেশের সুযোগ পেতে পারে। এরপর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে বিপুল পরিমাণ ডিজিটাল সম্পদ সরিয়ে নেওয়া সম্ভব।
ব্লকচেইন নিরাপত্তা প্রতিষ্ঠান ওপেনজেপেলিনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জোনাথন আলেকজান্ডার বলেন, কর্মীদের লক্ষ্য করে সামাজিক প্রকৌশলভিত্তিক সাইবার হামলা নতুন কিছু নয়। তবে কোনো কর্মীর কম্পিউটার আক্রান্ত হওয়ার পরও হ্যাকাররা কীভাবে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যবস্থায় প্রবেশ করে সম্পদ সরিয়ে নেওয়ার সুযোগ পায়, সেটিই বড় প্রশ্ন।
তার মতে, লেনদেনের সীমা নির্ধারণ, অস্বাভাবিক লেনদেন পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয় সতর্কতাব্যবস্থা চালু করা হলে এ ধরনের ক্ষতি অনেকটাই ঠেকানো সম্ভব।
ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে বিভিন্ন ক্রিপ্টো প্ল্যাটফর্মে সাইবার হামলার মাধ্যমে ২ হাজার ২৩0 কোটি ডলারের বেশি অর্থ চুরি হয়েছে। ধারাবাহিক এসব হামলার কারণে ক্রিপ্টো খাতে নিরাপত্তা নীতিমালা আরও কঠোর করার দাবি জোরালো হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠানগুলো হ্যাকারদের কাছে আকর্ষণীয় লক্ষ্য। কারণ এসব প্রতিষ্ঠানের ডিজিটাল ওয়ালেটে বিপুল পরিমাণ সম্পদ থাকে, যা দ্রুত অন্যত্র স্থানান্তর করা যায়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ ও কর্মীদের পরিচয় শনাক্ত করাও অনেক ক্ষেত্রে সম্ভব।
প্রজেক্ট ইলেভেনের প্রধান নির্বাহী অ্যালেক্স প্রুডেন বলেন, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরক্ষাকারীদের তুলনায় আক্রমণকারীরা সুবিধাজনক অবস্থানে থাকে। কারণ হ্যাকারদের সফল হতে একবার সুযোগ পেলেই চলে, কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত সব ধরনের আক্রমণ ঠেকাতে হয়।
এদিকে যুক্তরাষ্ট্রেও ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠানগুলোর জন্য একক কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা নীতিমালা নেই। অঙ্গরাজ্যভেদে এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের নিয়ম আলাদা। নিউইয়র্কে তুলনামূলক কঠোর বিধিনিষেধ থাকলেও অন্য অনেক এলাকায় প্রযুক্তিগত নিরাপত্তার নির্দিষ্ট মানদণ্ডের অভাব রয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, বাইন্যান্সে বড় ধরনের এই চুরির ঘটনা ক্রিপ্টো খাতে সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরির উদ্যোগকে ত্বরান্বিত করবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অভ্যন্তরীণ প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করাও আগামী দিনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠবে।