শেয়ারবাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা
বন্ধ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু এবং পুঁজিবাজারে বিনিয়োগে ব্যাংকের বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এসব উদ্যোগের খবরে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও দেখা যাচ্ছে গতি।
এরই মধ্যে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের এসব উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি বাজারে তারল্য বাড়াতে সহায়ক হবে।
দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে দরপতন ও লেনদেনের নিম্নগতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে নেওয়া দুটি সিদ্ধান্ত বাজারে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে বন্ধ বিও হিসাব পুনরায় চালুর উদ্যোগের খবর প্রকাশের পর শেয়ারবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৫২৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪৫০ কোটি ৭ লাখ ৭৭ হাজার টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহের একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, সাম্প্রতিক সময়ে বাজারের উত্থানে বন্ধ বিও হিসাব পুনরায় চালুর প্রত্যাশা বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব তৈরিতে ভূমিকা রেখেছে। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী এসব হিসাব সচল হলে পুঁজিবাজারে লেনদেন আরও বাড়বে এবং ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়ে ৫০০ কোটি টাকার ওপরে উঠেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ কোটি টাকার লেনদেন হতো, বর্তমানে তা আরও বেড়েছে। লেনদেনের এই প্রবৃদ্ধিকে পুঁজিবাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন তিনি। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পর লেনদেন বাড়াকে এসব উদ্যোগের পরোক্ষ সুফল বলেও উল্লেখ করেন তিনি।
ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিনের দরপতন ও লেনদেনের স্থবিরতার মধ্যে নতুন দুটি সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। এর ফলে বাজারে বিনিয়োগ ও লেনদেন বাড়ছে।
তিনি বলেন, স্থগিত থাকা সব বিও হিসাব পুনরায় চালু করা হলে বাজারে লেনদেন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যাংকের বিশেষ তহবিল ব্যবহারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে শেয়ার বিক্রির চাপ কমেছে। যা সূচকের উত্থানে ভূমিকা রেখেছে।
বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে দীর্ঘদিন আগে ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এসব হিসাব পুনরায় চালুর উদ্যোগ হিসেবে গত ২০ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ।
আবেদনে আইনগত বা নিয়ন্ত্রক সংস্থার কোনো নিষেধাজ্ঞা না থাকলে হিসাবগুলো সচল করে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে এ আবেদনের পরিপ্রেক্ষিতে হিসাবগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় বিএসইসি।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থগিত বিও হিসাবগুলোর বড় একটি অংশ বড় বিনিয়োগকারীদের। ফলে এসব হিসাব সচল হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা আবারও শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারবেন। এতে বাজারে বিনিয়োগ ও লেনদেন বাড়ার পাশাপাশি তারল্য পরিস্থিতিরও উন্নতি হতে পারে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা বিনিয়োগকারীরা ফিরে এলে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে এর সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে বিনিয়োগকারীদের নতুন করে অংশগ্রহণের ওপর।
অন্যদিকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোর বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ব্যাংকগুলো এসব তহবিল ব্যবহার করে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য আরও সময় পাবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংকগুলো পুঁজিবাজারের অন্যতম বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এ খাতে তাদের অংশগ্রহণ বাড়লে বাজারে বিনিয়োগ ও লেনদেনের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দরপতনের সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকলে শেয়ার বিক্রির চাপ সামাল দেওয়া সহজ হয়। তবে এ উদ্যোগের সুফল নির্ভর করবে ব্যাংকগুলো বাস্তবে কতটা তহবিল ব্যবহার করছে এবং কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করছে, তার ওপর। শুধু মেয়াদ বাড়ানো নয়, তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
এ বিষয়ে আনোয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আজম খান বলেন, দীর্ঘদিনের আস্থার সংকট, লেনদেনের নিম্নগতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সীমাবদ্ধতা দেশের পুঁজিবাজারের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে বন্ধ বিও হিসাব চালু এবং ব্যাংকের বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তবে পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তিনি মনে করেন, ভালো মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি বাড়ানো, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, কারসাজি প্রতিরোধ এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াও জরুরি।
সব মিলিয়ে, বন্ধ বিও হিসাব পুনরায় চালুর উদ্যোগ নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের বাজারে ফেরার সুযোগ তৈরি করেছে। অন্যদিকে ব্যাংকের বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ বাড়ানোর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এসব উদ্যোগের সুফল পুরোপুরি পেতে কার্যকর বাস্তবায়ন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা প্রয়োজন।