ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: প্রতিমন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ১১ নভেম্বর ২০২৬
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশের অবকাঠামোর মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় পৌরসভাগুলোর অভ্যন্তরীণ খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি।

ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে মীর শাহে আলম বলেন, অনেকের কাছে এই কার্ডের গুরুত্ব কম মনে হতে পারে। কিন্তু একটি দরিদ্র পরিবারের জন্য এটি বড় ধরনের সহায়তা। ঝুঁকিপূর্ণ কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এ খাতে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে।

তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গ্রামীণ নারীদের ক্ষমতায়নের বিষয়টি বিবেচনায় রেখে পরিবারের নারী প্রধানের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে।

কর্মসূচিটিকে সর্বজনীন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের নাগরিকের পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিনিধি ও ধর্মগুরুদের সম্মানী ভাতার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। চলতি বছরেই ৭০ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানকে এ সুবিধার আওতায় আনা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

জনসেবা দিতে গিয়ে দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, পৌরসভাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে ঘুষ আদায়ের উদ্দেশ্যে ‘সার্ভার বন্ধ’ থাকার অজুহাত দেখিয়ে আবেদনকারীদের দুই থেকে তিন দিন পর্যন্ত ঘোরানো হয়। এ ধরনের হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না।

এ সময় তিনি মন্তব্য করেন, অতীতে দেশের অধিকাংশ পৌরসভা রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়েছিল।

গণমাধ্যমে বক্তব্যের আংশিক প্রকাশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত মঙ্গলবার তাঁর দেওয়া বক্তব্যের কয়েকটি অংশ বেছে প্রকাশ করায় অপ্রত্যাশিত সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

মীর শাহে আলম বলেন, সরকারের আমলে অবাধ বাকস্বাধীনতা রয়েছে। তবে মতপ্রকাশের ক্ষেত্রে শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন।

বক্তব্যের কোনো অংশ অসাবধানতাবশত বিভ্রান্তিকরভাবে প্রকাশিত হওয়ায় কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!