ত্বকের যত্নে নতুন ধারণা- স্কিন ফাস্টিং (Skin Fasting)
ত্বকের দৈনন্দিন যত্ন নেওয়ার রুটিন অনেকটা চিকিৎসকের দেওয়া ওষুধের তালিকার মতো জটিল হয়ে উঠেছেএখন। বাথরুমে ফেসওয়াশ, টোনার, এক্সফোলিয়েটিং অ্যাসিড, ভিটামিন C সিরাম, রেটিনল, পেপটাইড, ময়েশ্চারাইজার এবং নানা ধরনের বিশেষায়িত স্কিনকেয়ার পণ্যের সমাহার সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নিখুঁত, উজ্জ্বল ও দাগহীন ত্বক পাওয়ার আকাঙ্ক্ষায় প্রতিদিন ত্বকের ওপর একের পর এক পণ্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু কখনো কখনো অতিরিক্ত যত্নই ত্বকের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে জনপ্রিয় হয়ে উঠেছে একটি ধারণা—স্কিন ফাস্টিং (Skin Fasting)।
এর মূল কথা হলো, নির্দিষ্ট সময়ের জন্য ত্বকের যত্নে ব্যবহৃত বিভিন্ন প্রসাধনী ও স্কিনকেয়ার পণ্যের ব্যবহার কমিয়ে দেওয়া কিংবা সাময়িকভাবে বন্ধ রাখা, যাতে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা অক্ষুণ্ণ থাকে এবং অপ্রয়োজনীয় রাসায়নিক উপাদানের সংস্পর্শ কমানো যায়।
বিশেষ করে যাঁদের ত্বকে অতিরিক্ত সংবেদনশীলতা, লালচে ভাব, শুষ্কতা, জ্বালাপোড়া কিংবা অকারণে ব্রণ দেখা দিচ্ছে, তাঁদের কাছে ধারণাটি বেশ আকর্ষণীয় মনে হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ত্বকের প্রসাধনী থেকে বিরতি প্রয়োজন? স্কিন ফাস্টিং কি বৈজ্ঞানিকভাবে কার্যকর, নাকি এটি কেবল আরেকটি সৌন্দর্যচর্চার প্রবণতা?
স্কিন ফাস্টিং আসলে কী?
স্কিন ফাস্টিং বলতে নির্দিষ্ট সময়ের জন্য ত্বকের যত্নে ব্যবহৃত অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার কমিয়ে দেওয়াকে বোঝায়। এটি কোনো স্বীকৃত চিকিৎসাপদ্ধতি বা প্রতিষ্ঠিত ডার্মাটোলজিক্যাল প্রোটোকল নয়; বরং একটি জনপ্রিয় স্কিনকেয়ার ধারণা।
সাধারণত এ সময়ে একাধিক সিরাম, টোনার, এক্সফোলিয়েটর, রেটিনল, ভিটামিন C এবং অন্যান্য বিশেষায়িত পণ্যের ব্যবহার বন্ধ বা সীমিত রাখা হয়। এর পরিবর্তে ত্বকের মৌলিক যত্নে গুরুত্ব দেওয়া হয়।
যেমন—
- মৃদু ক্লিনজার বা ফেসওয়াশ।
- ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত ময়েশ্চারাইজার।
- দিনের বেলায় SPF 30 বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন।
কেউ কয়েক দিন, আবার কেউ এক থেকে দুই সপ্তাহের জন্য এই রুটিন অনুসরণ করেন। তবে স্কিন ফাস্টিংয়ের কোনো সর্বজনস্বীকৃত সময়সীমা বা নির্দিষ্ট চিকিৎসাবিধি নেই।
অতিরিক্ত স্কিনকেয়ার কি ত্বকের ক্ষতি করতে পারে?
ত্বক শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সুরক্ষাবর্ম হিসেবে কাজ করে। ত্বকের বাইরের স্তর বা স্ট্র্যাটাম কর্নিয়াম (Stratum Corneum) মৃত কেরাটিনযুক্ত কোষ ও লিপিডসমৃদ্ধ আন্তঃকোষীয় পদার্থ দিয়ে গঠিত।
এটি শরীরের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের ক্ষতিকর উপাদান, জীবাণু ও রাসায়নিক পদার্থের প্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অতিরিক্ত এক্সফোলিয়েশন, শক্তিশালী অ্যাসিড, রেটিনল কিংবা একাধিক সক্রিয় উপাদান একসঙ্গে বা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা বা স্কিন ব্যারিয়ার (Skin Barrier) ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর ফলে দেখা দিতে পারে—
- ত্বকে অতিরিক্ত শুষ্কতা ও খসখসে ভাব।
- লালচে ভাব ও জ্বালাপোড়া।
- চুলকানি ও সংবেদনশীলতা।
- ত্বকে টানটান অনুভূতি।
কিছু ক্ষেত্রে প্রদাহ এবং ব্রণের সমস্যা বেড়ে যাওয়া।
তবে সব ধরনের ব্রণের জন্য অতিরিক্ত স্কিনকেয়ার দায়ী নয়। হরমোন, জেনেটিক্স, সেবাম উৎপাদন, ত্বকের ফলিকলে মৃত কোষ জমে যাওয়া এবং Cutibacterium acnes-সহ বিভিন্ন জৈবিক প্রক্রিয়া ব্রণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিছু প্রসাধনী ত্বকের রন্ধ্র বন্ধ করে ব্রণ বাড়াতে পারে, আবার কিছু সক্রিয় উপাদানের অতিরিক্ত ব্যবহার ত্বকে প্রদাহ ও ইরিটেশন সৃষ্টি করতে পারে। তাই সমস্যার কারণ বুঝে উপযুক্ত পণ্য নির্বাচন করা জরুরি।
অতিরিক্ত বা ত্বকের উপযোগী নয় এমন পণ্য ব্যবহারের কারণে সমস্যা দেখা দিলে সেগুলোর ব্যবহার কমিয়ে দেওয়া উপকারী হতে পারে।
- স্কিন ফাস্টিংয়ের সম্ভাব্য উপকারিতা
- ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা পুনরুদ্ধারে সহায়তা: অতিরিক্ত প্রসাধনীর কারণে ত্বকের সুরক্ষাবর্ম ক্ষতিগ্রস্ত হলে অপ্রয়োজনীয় বা ইরিটেটিং সক্রিয় উপাদান থেকে বিরতি নেওয়া এবং উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার ত্বকের ব্যারিয়ার পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। তবে এটি স্কিন ফাস্টিংয়ের কোনো স্বতন্ত্র প্রমাণিত প্রভাব নয়; বরং ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন উপাদান বাদ দেওয়া ও যথাযথ যত্নের ফল।
- ত্বকের জ্বালাপোড়া ও সংবেদনশীলতা কমানো:
একাধিক সক্রিয় উপাদান ব্যবহারের কারণে সৃষ্ট ইরিটেশন কমাতে স্কিনকেয়ার রুটিন সহজ করা কার্যকর হতে পারে।
- কোন পণ্যে সমস্যা হচ্ছে তা শনাক্ত করা:
অনেক ধরনের প্রসাধনী একসঙ্গে ব্যবহার করলে কোনটি ত্বকের সমস্যা সৃষ্টি করছে তা বোঝা কঠিন। অপ্রয়োজনীয় পণ্য সাময়িকভাবে বাদ দিলে সম্ভাব্য সমস্যার উৎস শনাক্ত করা সহজ হতে পারে। পরবর্তী সময়ে একবারে একটি করে পণ্য যুক্ত করলে কোন উপাদানে প্রতিক্রিয়া হচ্ছে তা বোঝা আরও সহজ হয়।
- ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করা:
অতিরিক্ত ক্লিনজিং ও এক্সফোলিয়েশন বন্ধ করে উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় রাখা সহজ হয় এবং Transepidermal Water Loss (TEWL) বা ত্বক থেকে পানির বাষ্পীভবনজনিত ক্ষতি কমাতে সাহায্য করতে পারে।
স্কিনকেয়ার রুটিন সহজ করা:
প্রতিদিন অসংখ্য পণ্য ব্যবহারের পরিবর্তে প্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর নির্ভর করলে সময়, অর্থ ও ত্বকের ওপর অপ্রয়োজনীয় চাপ—তিনটিই কমানো সম্ভব।

স্কিন ফাস্টিং নিয়ে বিজ্ঞানের বক্তব্য কী?
স্কিন ফাস্টিং একটি জনপ্রিয় স্কিনকেয়ার ট্রেন্ড হলেও এটি যে ত্বককে বিশেষভাবে ডিটক্সিফাই করে, পুনরুজ্জীবিত করে কিংবা স্বাভাবিকের চেয়ে দ্রুত সুস্থ করে তোলে, তার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
ত্বকের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং ত্বকের কোষ স্বাভাবিকভাবেই পুণঃর্গঠিত হয়। ত্বকের বর্জ্য পদার্থ অপসারণ ও শরীরের বিপাকীয় বর্জ্য নিষ্কাশনের প্রধান দায়িত্ব মূলত লিভার ও কিডনির মতো অঙ্গের। তাই প্রসাধনী বন্ধ করলেই ত্বক বিশেষভাবে ডিটক্সিফাই হয়—এমন ধারণা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়। তবে ত্বককে সুস্থ রাখতে একেবারে সব ধরনের যত্ন বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই।
বরং অতিরিক্ত বা অপ্রয়োজনীয় প্রসাধনী ব্যবহার কমিয়ে ত্বকের উপযোগী একটি সহজ রুটিন অনুসরণ করাই বেশি যুক্তিসংগত।
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—ত্বককে স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ দেওয়া আর ত্বকের প্রয়োজনীয় সুরক্ষা ও যত্ন বন্ধ করে দেওয়া এক বিষয় নয়।
কোন বিষয়গুলো খেয়াল করা উচিত?
স্কিন ফাস্টিং অনুসরণ করতে চাইলে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত—
- মৃদু ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন। অতিরিক্ত পরিষ্কার করা থেকে বিরত থাকুন।
- ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- দিনের বেলায় SPF 30 বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার চালিয়ে যান।
- বাইরে দীর্ঘক্ষণ থাকলে প্রায় দুই ঘণ্টা পরপর এবং ঘাম বা সাঁতারের পর সানস্ক্রিন পুনরায় ব্যবহার করুন।
- অতিরিক্ত স্ক্রাবিং, এক্সফোলিয়েশন এবং একাধিক সক্রিয় উপাদানের ব্যবহার সাময়িকভাবে কমিয়ে দিন।
- নতুন কোনো প্রসাধনী ব্যবহার শুরু করলে একবারে একটি পণ্য যুক্ত করুন এবং ত্বকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন।
- ত্বকে দীর্ঘস্থায়ী লালচে ভাব, চুলকানি, প্রদাহ কিংবা ব্রণ দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত ওষুধ বা নির্ধারিত স্কিনকেয়ার পণ্য নিজে থেকে বন্ধ করবেন না।
তাহলে কি ত্বকেরও ছুটি প্রয়োজন?
ত্বকের নয়, বরং অনেক সময় ত্বকের অতিরিক্ত যত্ন নেয়ার অভ্যাসের বিরতি প্রয়োজন।
সুস্থ ত্বকের জন্য প্রতিদিন অসংখ্য প্রসাধনী ব্যবহার করা জরুরি নয়। বরং ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে পরিচ্ছন্নতা, আর্দ্রতা বজায় রাখা এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন, সুন্দর ত্বকের রহস্য প্রসাধনীর সংখ্যায় নয়, বরং সঠিক যত্নে। কখনো কখনো কম পণ্য ব্যবহার করাই হতে পারে ত্বকের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। Less is More — ত্বকের যত্নে কখনো কখনো কমই বেশি!
লেখক : ডাঃ এম আর করিম রেজা, চিকিৎসক ও সমাজকর্মী।