সিরাজগঞ্জ যমুনায় জেগে ওঠা নতুন চরে বালুদস্যুদের হানা
বছরের পর বছর ধরে আগ্রাসী যমুনার তাণ্ডবে সর্বস্ব খোয়ানো মানুষগুলো যখন জেগে ওঠা চর দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, নতুন চরে ফসলের চাষাবাদ করে রঙিন জীবনের স্বপ্ন বুনছিল-ঠিক তখনই বালুদস্যুদের হানায় স্বপ্নভঙ্গ তাদের।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের মটিয়ারপুরে জেগে ওঠা চরে অবৈধভাবে বালু উত্তোলনের এমন অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনা নদীতে সদর উপজেলার তিনটি মহাল ইজারা দেওয়া হয়েছে। সেগুলো হলো- শিমলা, জিআর পাড়া ও চন্ডাল বয়ড়া মৌজা। মতিয়ারপুরে কোনো মহাল নেই। মহাল না থাকলেও সেখানে অবৈধভাবে চরের মাটি কেটে নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, বৈধ বালু মহালের ইজারাদার হাজী আব্দুস সাত্তারের নাম ভাঙিয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে এসব বালু উত্তোলন হচ্ছে।
জানা যায়, যমুনার পানি শুকানোর পর মটিয়ারপুর এলাকায় জেগে উঠেছে বিশাল চর। ওই এলাকার ভাঙন কবলিত মানুষগুলো জেগে ওঠা চরে ফসল চাষাবাদ শুরু করেছিল। কিন্তু একটি প্রভাবশালী মহল বিপুলসংখ্যক শ্রমিক নিয়োগ করে চরের মাটি কেটে নৌকাযোগে লুট করছে বলে অভিযোগ উঠেছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত সারি সারি নৌকায় করে মটিয়ারপুর চর থেকে মাটি ও বালু বোঝাই করে তা পাঁচঠাকুরী নৌকাঘাটে স্তূপ করা হচ্ছে। সেখান থেকে ট্রাকে করে ওই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
নৌকাযোগে আনা মাটির হিসাব তদারকির দায়িত্বে রয়েছেন হাজী আব্দুস সাত্তারের নিয়োজিত সাব্বির হোসেন প্রান্ত ও স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন।
জাহাঙ্গীর, আব্দুল করিম, মোতাহারসহ স্থানীয়রা বলেন, যমুনার ভাঙনে সর্বস্ব হারানো এখানকার বাসিন্দারা মটিয়ারপুরে জেগে ওঠা চরে বাদাম, কালাই, মরিচসহ বিভিন্ন ফসল চাষাবাদের শুরু করেছিলেন। মাটি কেটে নেওয়ায় তাদের চাষাবাদের স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে।
তারা বলেন, হাজী সাত্তার নদীর মধ্য থেকে ডাক ধরে নিয়েছেন। তিনি তো মটিয়ারপুর চর ইজারা নেননি। আমরা আবাদ করছি, এগুলো ভেঙে গেলে কে দেবে। বিএনপির লোকজন আমাদের চর কেটে নিয়ে মাটি বিক্রি করছে।
মটিয়ারপুর চরের বাসিন্দা মোতাহার হোসেন ও জাহাঙ্গীর বলেন, যারা মাটি কাটছে আমরা তাদের বলেছি, এখানে আমাদের আবাদ-বসত আছে, এই চরে মাটি কাটা যাবে না। নৌকায় থাকা লোকজন বলল, আমরা হাজী সাত্তারকে টাকা দিয়ে এসে মাটি কাটি। এটাই তো বুঝি না, জায়গা জমি আমাদের, সাত্তারকে টাকা দেয় কীসের ওপরে। হয়তো সরকারি খাস খতিয়ান হয়েছে, কিন্তু ইজারা তো হয় নাই।
ভাঙনকবলিতরা বলেন, যমুনার ভাঙনে বাড়িঘর হারিয়ে আফানিয়ার চরে একটি ঝুপড়িতে বাস করছি। আমাদের চরটি জেগে ওঠায় সেখানে আবাদ করে কোনোমতে বেঁচে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু প্রভাবশালীরা চর কেটে নেওয়ায় আমাদের জীবিকার পথ অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রভাবশালী সিন্ডিকেট বালু উত্তোলন করছে দাবি করে ওয়ার্ড যুবদলের সভাপতি ফরহাদ হোসেন কালু বলেন, চরে চাষাবাদ করে গরিব ও অসহায় মানুষগুলো জীবিকা নির্বাহ করে। এভাবে চর কেটে উজাড় করলে চরের মানুষকে না খেয়ে মরতে হবে।
এ বিষয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কর্মচারীদের সঙ্গে কথা বললে তারা বলেন, হাজী আব্দুস সাত্তারের কাছ থেকে আমরা কিনে নিয়ে বালু উত্তোলন করছি।
তবে হাজী আব্দুস সাত্তার বলেন, আমাদের বৈধ মহালের উত্তোলিত বালু তারা কিনে নিয়ে বিক্রি করার কথা। চর কেটে নেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেউ অবৈধ বালু উত্তোলন করলে আপনারা নিউজ করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল-মাফি বলেন, ইজারা দেওয়া মহালের বাইরে কোনো বালু কেটে নেওয়ার সুযোগ নেই। আর নদীর চর কেটে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।