ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

বিকাশের ভুয়া হিসাব নিয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ১১ নভেম্বর ২০২৬
বিকাশের ভুয়া হিসাব নিয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক
সংগৃহীত ছবি

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক ও ভুয়া হিসাবের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবের বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে গ্রাহক পরিচিতি যাচাইয়ের (কেওয়াইসি) নিয়ম না মানার অভিযোগে কেন বিকাশকে জরিমানা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কেওয়াইসি নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক মোবাইল আর্থিক সেবার হিসাব পাওয়া গেছে। এসব হিসাবের কয়েকজন গ্রাহক নিজেদের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত উল্লেখ করেছেন। এ ছাড়া বেশ কিছু হিসাবে অস্বাভাবিক পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এত অসংগতি থাকার পরও হিসাবগুলো চালু রাখা হয়েছে, যা বিএফআইইউর কেওয়াইসি নীতিমালার পরিপন্থী। এ বিষয়ে গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট আইন, ২০২৪-এর ৩৭ ধারায় বিকাশের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিএফআইইউর কেওয়াইসি নীতিমালা সব ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতার জন্য প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করলে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত জরিমানা করা হয়। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন বা প্রজ্ঞাপনে জরিমানার বিধান থাকতে হয়।

তিনি বলেন, এ ধরনের জরিমানার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি ধারা উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বাধাগ্রস্ত করার মতো বড় কোনো অভিযোগের সঙ্গে এসব জরিমানার সম্পর্ক নেই। তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিকাশকে কোনো জরিমানা করা হয়নি।

আরিফ হোসেন খান আরও বলেন, ব্যাখ্যা চাওয়াই প্রাথমিক পদক্ষেপ। বিকাশের দেওয়া জবাব সন্তোষজনক কি না, তার ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বাজি এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবসা বাড়ছে। এসব কর্মকাণ্ডের বেশির ভাগই ভুয়া হিসাব ব্যবহার করে পরিচালিত হচ্ছে।

বিকাশ লিমিটেড ব্র্যাক ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশন এলএলসির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

এদিকে অভিযোগের বিষয়ে বিকাশের করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার দালিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী গ্রাহকের পরিচয় ও তথ্য যাচাই করেই বিকাশের সব হিসাব খোলা হয়। এ ক্ষেত্রে ই-কেওয়াইসি অথবা কাগজে সম্পন্ন করা কেওয়াইসি পদ্ধতি অনুসরণ করা হয়।

তিনি জানান, নির্বাচন কমিশনের (ইসি) তথ্যভান্ডারে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে গ্রাহকের পরিচয় মিলিয়ে দেখা হয়। এ জন্য আঙুলের ছাপসহ বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়। ই-কেওয়াইসি পদ্ধতিতে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করেও গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়।

দালিম বলেন, জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে তা বিকাশের হিসাবেও প্রতিফলিত হতে পারে। গ্রাহকের কাছ থেকে নেওয়া তথ্য পরিবর্তনের সুযোগ শুধু সংশ্লিষ্ট গ্রাহকেরই রয়েছে।

তিনি আরও বলেন, যেসব হিসাবে গ্রাহকের বয়স ১০০ বছর বা তার বেশি দেখানো হয়েছে, সেগুলোর বড় একটি অংশে জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখের ভুল রয়েছে। এসব হিসাবের গ্রাহকদের নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে জন্মতারিখ সংশোধনের পর বিকাশকে জানাতে বলা হয়েছে। তাহলে হিসাবের তথ্যও হালনাগাদ করা সম্ভব হবে।

এ ছাড়া কাগজে করা কেওয়াইসি ফরমে হাতে তথ্য লেখার সময় কিছু জন্মসালে ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত এসব ভুল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে বলে জানান তিনি।

দালিম বলেন, আলোচনায় থাকা সব হিসাবের তথ্য বাড়তি সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। এ জন্য হিসাবগুলোকে ‘এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স’ (ইডিডি) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিকাশের তথ্যমতে, প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত হিসাবের সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে বর্তমানে ৪ কোটি ২০ লাখ হিসাব সক্রিয় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!