ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টা: চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ১১ নভেম্বর ২০২৬
ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টা: চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজি
ছবি: সংগৃহীত

খুলনায় ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তার দেওয়া চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছেন মামলার বাদী রায়হান বিন কামাল।

বুধবার (১১ নভেম্বর) সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক ফারুক ইকবালের কাছে এ নারাজি আবেদন জমা দেওয়া হয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট স্বপন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি। মামলার সাক্ষীদের বক্তব্যও নেননি। এমনকি চিকিৎসা নেওয়া হাসপাতালের কাগজপত্রও সংগ্রহ করেননি। প্রাণভয়ে পালিয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়েছিলেন বাদী। অথচ তদন্ত কর্মকর্তা আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন। এসব কারণে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছেন বাদী।

এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের দায়মুক্তি দেওয়ার অভিযোগ তুলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৮ মার্চ গুরুতর অসুস্থ বাবার চিকিৎসার জন্য খুলনার পিটিআই মোড়ের অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ির উদ্দেশে রওনা হন রায়হান বিন কামাল। সোনাডাঙ্গা থানার সঙ্গীতা সিনেমা হলের মোড়ে পৌঁছালে সিটি কলেজ ছাত্রলীগের তৎকালীন ভিপি প্রার্থী বিএম মহিমের নেতৃত্বে ১৪-১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ফারাজীপাড়ায় সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীর বাড়ির গলিতে নিয়ে যায়।

সেখানে আগে থেকে অবস্থান করা সাদী নামের এক ব্যক্তি তার মোবাইল ফোন ও বাবার চিকিৎসার জন্য রাখা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার হাতের রগ কেটে যায়। পরে দুর্বৃত্তরা তাকে অটোরিকশায় করে শান্তিধাম ফুল মার্কেটে নিয়ে যায়।

জানা যায়, ওই সময় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হামলার শিকার হন তৎকালীন সিটি কলেজ ছাত্রদলের দুই নেতা। তারা হলেন নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী রায়হান বিন কামাল এবং এজিএস প্রার্থী ইশতিয়াক আহমেদ ইস্তি। নির্বাচন থেকে তাদের বিরত রাখতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সময় আওয়ামী লীগ সরকারের আমলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী। পরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ঘটনার প্রায় ১৪ বছর পর মামলা করেন রায়হান বিন কামাল। তিনি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার সদস্যসচিব। গত ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ইমরান হোসাইন আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দেন।

তদন্ত কর্মকর্তার দেওয়া ওই প্রতিবেদনের বিরুদ্ধেই এবার আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদী।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!