ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

ইস্তিগফারের ৬ উপকারিতা জানেন কি?

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ১১ নভেম্বর ২০২৬
ইস্তিগফারের ৬ উপকারিতা জানেন কি?
সংগৃহীত ছবি

মানুষ প্রতিনিয়ত ছোট-বড় নানা ভুল ও গুনাহে জড়িয়ে পড়ে। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় করা এসব অপরাধ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার বিকল্প নেই। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা মানুষকে পাপের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনে এবং আত্মশুদ্ধির সুযোগ তৈরি করে।

ইসলামে ইস্তিগফারের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন। কোথাও ইস্তিগফারকারীদের প্রশংসা করেছেন, আবার কোথাও তাঁর কাছে দ্রুত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৯)

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো, যার বিস্তৃতি আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান। তা মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৩)

ইসলামি নির্দেশনা ও হাদিসের আলোকে ইস্তিগফারের ছয়টি গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হলো—

ইস্তিগফারের ৬টি উপকারিতা

১. নবীদের অনুসরণীয় বৈশিষ্ট্য

আল্লাহর নবী-রাসুলরাও নিয়মিত তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। পবিত্র কোরআনে বিভিন্ন নবীর ইস্তিগফারের ঘটনা উল্লেখ রয়েছে।

হজরত সুলাইমান (আ.) আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন, যা আমার পরে আর কারও জন্য উপযুক্ত হবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা।’ (সুরা সাদ, আয়াত: ৩৫)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর শপথ! আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তাওবা ও ইস্তিগফার করি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৭)

২. গুনাহ মোচন হয়

ইস্তিগফার ও আন্তরিক তাওবার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহের ক্ষমা পাওয়া যায়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি অসীম দয়া ও ক্ষমাশীলতার কথা জানিয়েছেন।

হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন, কেউ একটি নেক আমল করলে তার জন্য দশ গুণ প্রতিদান রয়েছে, চাইলে আরও বাড়িয়ে দেওয়া হবে। আর কেউ পাপ করলে তার সমপরিমাণ প্রতিফল দেওয়া হবে অথবা তাকে ক্ষমা করে দেওয়া হবে। বান্দা আল্লাহর দিকে যতটুকু অগ্রসর হয়, আল্লাহ তার প্রতি তার চেয়ে বেশি অনুগ্রহ করেন। এমনকি কেউ পৃথিবীসমান গুনাহ নিয়েও তাঁর কাছে উপস্থিত হলে, শিরক না করে থাকলে আল্লাহ তাকে পৃথিবীসমান ক্ষমা নিয়ে গ্রহণ করবেন। (সহিহ মুসলিম, হাদিস: ৬৭২৬)

৩. রিজিক ও সম্পদে বরকত আসে

নিয়মিত ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বান্দার রিজিক ও জীবনে বরকত দান করেন। পবিত্র কোরআনে হজরত নুহ (আ.)-এর মাধ্যমে ক্ষমা প্রার্থনার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন, ‘আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। ...তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধি দান করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন ও নদ-নদীর ব্যবস্থা করে দেবেন।’ (সুরা নুহ, আয়াত: ১০-১২)

৪. অন্তর পবিত্র ও পরিশুদ্ধ হয়

গুনাহের প্রভাবে মানুষের অন্তরে পাপের কালিমা জমে। ইস্তিগফার ও তাওবার মাধ্যমে সেই কালিমা দূর হয় এবং অন্তর পরিশুদ্ধ হওয়ার সুযোগ তৈরি হয়।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর সে গুনাহ থেকে বিরত থেকে ক্ষমা প্রার্থনা ও তাওবা করলে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। কিন্তু পুনরায় গুনাহ করলে সেই দাগ বাড়তে থাকে। একপর্যায়ে পুরো অন্তর কালো দাগে ঢেকে যায়।

এরপর রাসুলুল্লাহ (সা.) পবিত্র কোরআনের সুরা মুতাফফিফিনের ১৪ নম্বর আয়াতের কথা উল্লেখ করেন। (জামে তিরমিজি, হাদিস: ৩৩৩৪)

৫. শারীরিক শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়

ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনে কল্যাণ ও শক্তি দান করেন। পবিত্র কোরআনে হজরত হুদ (আ.) তাঁর সম্প্রদায়কে আল্লাহর কাছে ক্ষমা চাইতে এবং তাঁর দিকে ফিরে আসতে আহ্বান জানিয়েছিলেন।

আল্লাহ তাআলা বলেন, ‘হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁর দিকেই ফিরে এসো। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিয়ো না।’ (সুরা হুদ, আয়াত: ৫২)

৬. দুশ্চিন্তা ও বিপদ থেকে মুক্তির পথ তৈরি হয়

নিয়মিত ইস্তিগফার মানুষের জীবনের সংকট ও দুশ্চিন্তা থেকে মুক্তির অন্যতম মাধ্যম। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দার জন্য বিপদ থেকে উত্তরণের পথ তৈরি করে দেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন।

হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫১৮)

যে দুই সময়ে বেশি বেশি ইস্তিগফার করবেন

তাওবা ও ইস্তিগফার যেকোনো সময় করা যায়। তবে বিশেষ কিছু সময়ে ক্ষমা প্রার্থনার বিষয়ে কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি সময় হলো—

১. গুনাহ করার পরপরই

কোনো গুনাহ হয়ে গেলে দেরি না করে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। ভুলের জন্য অনুশোচনা করা, গুনাহ থেকে বিরত থাকা এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করাই আন্তরিক তাওবার অংশ।

আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে।’ (সুরা নিসা, আয়াত: ১১০)

২. নেক আমল করার পর

নামাজসহ বিভিন্ন নেক আমল সম্পন্ন করার পরও ইস্তিগফার করা উত্তম। কারণ, একজন মুমিন নিজের ইবাদতের ত্রুটি ও অপূর্ণতা উপলব্ধি করে আল্লাহর কাছে ক্ষমা চান।

হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নামাজ শেষ করে তিনবার ইস্তিগফার করতেন। তিনি বলতেন, ‘আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।’ (সহিহ মুসলিম, হাদিস: ১২২১)

এ ছাড়া চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময়, ফজরের পূর্ববর্তী সময়ে এবং তাহাজ্জুদের সময়ও ইস্তিগফার ও ক্ষমা প্রার্থনার বিশেষ গুরুত্ব রয়েছে।

তাই প্রতিদিনের জীবনে ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করা উচিত। আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে তাঁর রহমত ও মাগফিরাত লাভের পথ উন্মুক্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!