ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

কুবি শিক্ষার্থী হত্যা মামলায় ঐতিহাসিক রায়

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ১১ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী হত্যা মামলায় ঐতিহাসিক রায়
ছবি সংগৃহীত


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তাঁর মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে (২৯) দুই রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত এর 'নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১'-এর বিচারক মো: ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। 

নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ৯(২) ধারা অনুযায়ী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লক্ষ টাকা অর্থদণ্ড এবং তার মা তাহমিনা বেগমকে হত্যাকাণ্ডে দন্ডবিধি ১৮৬০ সালের ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী এড. সোহেল হোসেন, নিহতের পরিবারের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক আড়াইমাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। পরবর্তীতে আদালত ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করলেও রায় সম্পূর্ণ না হওয়ায় সেদিন রায় ঘোষণা না করে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়। 

মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

হত্যাকাণ্ডের পরপরই সন্দেহভাজন হিসেবে মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরদিন, ৯ সেপ্টেম্বর, কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। সেখানে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। 

আরো জানা যায়, ঝাড়ফুঁক করানোর সূত্র ধরেই সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়েছিল। সেই পরিচয়ের সুবাদে হত্যাকাণ্ডের আগে প্রায় এক মাস ধরে ওই বাসায় যাতায়াত ছিল তাঁর। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক জানান, তিনি সুমাইয়াকে ধর্ষণ করেন। বিষয়টি তাঁর মা তাহমিনা বেগম দেখে ফেলায় তাঁকেও হত্যা করেন। 

এ হত্যাকাণ্ডের পর থেকেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলন করে আসছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময়ে তাঁরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে এসব কর্মসূচির মাধ্যমে তাঁরা ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেন। 

দীর্ঘ প্রতীক্ষার পর মামলার রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছে নিহত সুমাইয়ার সহপাঠীরা৷ সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, ফাঁসির রায় হওয়াতে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা চাই যতদ্রুত সম্ভব এই রায়ের কার্যকর করা হোক। যদি সম্ভব হয় প্রকাশ্যে ফাঁসি দেওয়া, যেন ভবিষ্যতে যারা এইধরনের কাজ করতে যাবে, ভয়ে তাদের হাত-পাঁ কাঁপে। 

নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, আসামি মোবারক যেই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, সেকারণে আমি আমার মা এবং একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লেগেছে। কিন্তু তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুতই রায় ঘোষণা করেছে। আমি চাই এই রায়ের দ্রুত বাস্তবায়ন হোক। 

আসামিপক্ষের আইনজীবী (রাষ্ট্র নিযুক্ত) এড. আয়েশা জানান, এখানে যদিও কোন প্রত্যক্ষদর্শী নেই। আবার যে ভিডিও ফুটেজর কথা বলা হচ্ছে, সেই ভিডিও ফুটেজেও ঠিকমতো বলা হয় নাই। কিছু বিতর্কের জায়গা থাকলেও আইনগত কারণে আমরা সেই জায়গায় পারিনি। ডিএনও টেস্টে কিছু আলামত পাওয়া যাওয়ায় আর পারা যায়নি। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল মোতালেব মজুমদার  বলেন, মামলার যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত আজকে মামলার রায় ঘোষণা দিয়েছেন। রায়ে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসি ও মৃত্যুদণ্ড এবং তার মাকে হত্যার দায়ে ফাঁসি দিয়েছে আদালত। আমাদের দাবি, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!