ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবির প্রাণরসায়ন বিভাগে প্রথমবার ডিবেট ক্লাব, নেতৃত্বে ইব্রাহীম-মাহবুবা-রিজভী

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ১১ নভেম্বর ২০২৬
জাবির প্রাণরসায়ন বিভাগে প্রথমবার ডিবেট ক্লাব, নেতৃত্বে ইব্রাহীম-মাহবুবা-রিজভী
জাবির প্রাণরসায়ন বিভাগের নবগঠিত ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের সভাপতি ও দুই অংশের সাধারণ সম্পাদক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’। বিভাগের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা ও বিতর্কচর্চার সুযোগ তৈরির লক্ষ্যে প্রাণরসায়ন সংসদের উদ্যোগে ও তত্ত্বাবধানে ১৫ সদস্যবিশিষ্ট ক্লাবটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী। বাংলা বিতর্ক অংশের সাধারণ সম্পাদক হয়েছেন ৫১তম আবর্তনের মাহবুবা আনজুম এবং ইংরেজি ভাষা অংশের সাধারণ সম্পাদক হয়েছেন ৫২তম আবর্তনের মোহাইমেন আহমেদ রিজভী।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় বিভাগের কম্পিউটার ল্যাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগ ও প্রাণরসায়ন সংসদের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল হাসান। এ সময় বিভাগের অধ্যাপক ড. মেজবাহ উদ্দীন আনসারী, অধ্যাপক ড. তসলিমা নাহার, প্রভাষক মো. সেলিম রেজাসহ সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রাণরসায়ন সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল কাফী পাটোয়ারী বলেন, ‘প্রাণরসায়ন সংসদ সবসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসতে বদ্ধপরিকর। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের সূচনা। আশা করছি, এ ক্লাবের মাধ্যমে আমাদের বিভাগ বিগত বছরের মতো আবারও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে।’

ক্লাবটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা ও প্রাণরসায়ন সংসদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তসলিমা নাহার। তিনি বলেন, ‘বায়োকেমিস্ট্রি ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই ক্লাবটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা ও বিজ্ঞানভিত্তিক যোগাযোগ দক্ষতা বিকাশের গুরুত্বপূর্ণ মঞ্চ হবে। বিজ্ঞানের জগতে গবেষণা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গবেষণালব্ধ জ্ঞান স্পষ্টভাবে উপস্থাপন ও যুক্তিসহকারে আলোচনার সক্ষমতাও জরুরি। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চর্চার সুযোগ তৈরি করে এই ক্লাব শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের তুলে ধরতে প্রস্তুত করবে বলে আমার বিশ্বাস।’

প্রধান অতিথির বক্তব্যে বিভাগ ও সংসদের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল হাসান বলেন, ‘বিতর্কচর্চা একটি সুন্দর গুণ। এটি যুক্তির মাধ্যমে কথা বলতে ও গুছিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতে শেখায়। পাশাপাশি পরমতসহিষ্ণুতার চর্চাও হয়। বর্তমানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এই ক্লাবের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা বাংলা বিতর্কের পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। আমি ক্লাবটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। একই সঙ্গে ভবিষ্যতেও যেন এর কার্যক্রম অব্যাহত থাকে, সেই আহ্বান জানাচ্ছি।’

পরে তিনি ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং আনুষ্ঠানিকভাবে ক্লাবটির উদ্বোধন করেন। কমিটিতে আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫২তম আবর্তনের জান্নাতি আল কুরাইশী। সেশন কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ৫৩তম আবর্তনের সাবাবা আহমেদ ও আব্দুল্লাহ আল সাঈদ, ৫৪তম আবর্তনের হাফিজুর রহমান অয়ন এবং ৫৫তম আবর্তনের সাবাহ তাবাসসুম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৫৪তম আবর্তনের আলমগীর হোসেন রুবেল ও ফাহিম শাহরিয়ার এবং ৫৫তম আবর্তনের বিসমি রেজা আইমান, আহসান কবীর, ফুয়াদ ইরফান মাহমুদ, মাহমুদুল হাসান নূর ও সুমাইয়া ইসলাম নিহলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা বিতর্ক ও ইংরেজি ভাষা—দুটি পৃথক সেশনের আয়োজন করা হয়। বাংলা বিতর্ক পর্বে বিভাগের ৫৫তম আবর্তনের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব করে একটি আঞ্চলিক বিতর্ক পরিবেশন করেন। পর্বটি পরিচালনা করেন বাংলা বিতর্ক অংশের সাধারণ সম্পাদক মাহবুবা আনজুম। শিক্ষকদের বিচারকাজে রংপুর জেলার প্রতিনিধিত্বকারী মাহমুদুল হাসান নূর সেরা বিতার্কিক নির্বাচিত হন।

অন্যদিকে, ইংরেজি ভাষা পর্বটি পরিচালনা করেন ক্লাবটির ইংরেজি অংশের সাধারণ সম্পাদক মোহাইমেন আহমেদ রিজভী। এ পর্বে বিভিন্ন আকর্ষণীয় বিষয়ের ওপর ছোট ছোট গেম ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৫৫তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া জাহিন ইতু সেরা বক্তা নির্বাচিত হন। পরে তাঁকে পুরস্কৃত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!