ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ১ লাখ ১০ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ১১ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ১ লাখ ১০ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার
সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি বছর সিরাজগঞ্জের ১ লাখ ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হচ্ছে। ভোজ্য তেলের উৎপাদন বাড়ানো এবং সরিষার আবাদ সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে জেলার ৯টি উপজেলার ১ লাখ ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার পাবেন। সরিষার উৎপাদন বাড়াতে ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরিষার আবাদ সম্প্রসারণে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এ বছর জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এবার বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কৃষকরা সরিষা চাষ শুরু করেছেন। ইতিমধ্যে ২০ শতাংশ জমিতে সরিষার বীজ বপন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ভালো ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এসআরএস
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!