বাংলাদেশের পাটের সম্ভাবনা জলবায়ু সম্মেলনে
প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য, কার্বন নিঃসরণ কমানো এবং রপ্তানি আয় বাড়াতে পাটকে বৈশ্বিক শিল্পে নতুনভাবে প্রতিষ্ঠার সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এর ভূমিকা তুলে ধরা হয়েছে।
সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়নে মঙ্গলবার এ বিষয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিল্প খাতের অংশীদারদের সহযোগিতায় এ আয়োজন করা হয়। অধিবেশনে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতাসম্পন্ন একটি পরিবেশবান্ধব আঁশ হিসেবে তুলে ধরা হয়। খবর ইউনাইটেড নিউজ বাংলাদেশের (ইউএনবি)।
অধিবেশনে জানানো হয়, পাট চাষের সময় কার্বন শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। এটি সম্পূর্ণ পচনশীল এবং পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য তৈরি করে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক হেক্টর জমিতে উৎপাদিত পাট এক মৌসুমে সর্বোচ্চ ১৫ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে। পাট কাটার পরও মাটিতে কার্বন সংরক্ষণের প্রক্রিয়া অব্যাহত থাকে।
প্লাস্টিকের বিকল্প পাটজাত পণ্য
একসময় পাটের ব্যবহার মূলত বস্তা, চট ও দড়ি তৈরির মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে প্রযুক্তির উন্নয়নে পাটের ব্যবহার এখন অনেক বিস্তৃত হয়েছে। পাট দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব শপিং ব্যাগ, জিওটেক্সটাইল, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের উপাদান এবং উন্নতমানের ন্যানোসেলুলোজ। নদীভাঙন রোধ, উপকূলীয় সুরক্ষা ও মাটির ক্ষয় প্রতিরোধেও পাটের তৈরি জিওটেক্সটাইল ব্যবহার করা সম্ভব।
এ ছাড়া পাটকাঠি, যা একসময় কৃষি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো, তা থেকে তৈরি হচ্ছে চারকোল ও অ্যাকটিভেটেড কার্বন। এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের চাহিদা বাড়ার সুযোগ রয়েছে।
রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্য
সম্মেলনে পাটের অর্থনৈতিক সম্ভাবনাও তুলে ধরা হয়। অধিবেশনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রতি টন কাঁচা পাটের মূল্য প্রায় ১ হাজার ২০০ মার্কিন ডলার। প্রক্রিয়াজাত করে প্যাকেজিং পণ্য তৈরি করলে এর মূল্য দাঁড়াতে পারে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ ডলারে। আর মিশ্র আঁশের পণ্য তৈরি করা গেলে তা থেকে আয় হতে পারে ৪ হাজার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত।
পাটের রপ্তানি আয় বাড়াতে ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত একটি কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। এ সময়ের মধ্যে পাট রপ্তানি আয় দ্বিগুণ করে ১৬৪ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে মোট পাটজাত পণ্যের মধ্যে মূল্য সংযোজিত পণ্যের অংশ বর্তমানের প্রায় ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এ লক্ষ্য অর্জনে পাটের বহুমুখী ব্যবহার, নতুন প্রযুক্তির প্রয়োগ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিবেশবান্ধব পাটশিল্পে নতুন উদ্যোগ
পাটশিল্পকে আরও পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎচালিত ও কার্বন-নিরপেক্ষ পাটকলের উদাহরণও তুলে ধরা হয় সম্মেলনে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে পাটপণ্য উৎপাদন করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে।
এ ছাড়া ন্যানোসেলুলোজ নিয়ে গবেষণা, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার স্থাপন, পণ্যের উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ায় ডিজিটাল ট্রেসেবিলিটি নিশ্চিত করা এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিবেশগত বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এসব উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব, প্রযুক্তি সহযোগিতা এবং বিনিয়োগ প্রয়োজন বলে অধিবেশনে আলোচনা হয়। সম্মেলন চলাকালে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও প্রযুক্তি অংশীদারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
জলবায়ু অর্থায়নে ন্যায্যতার দাবি
পাটের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ন্যায্য ও সহজ শর্তের অর্থায়নের দাবিও জানিয়েছে বাংলাদেশ। কপ-৩১-এর সাইড ইভেন্টে মঙ্গলবার বাংলাদেশসহ গ্লোবাল সাউথের দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান জানায়।
অধিবেশনে বলা হয়, কপ-২৯-এ সম্মত নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩৫ সাল নাগাদ উন্নত দেশগুলো থেকে বছরে কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের ভিত্তি নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বৃহত্তর লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে। অভিযোজন খাতে অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন খাতে অর্থের প্রয়োজন ও বাস্তবে পাওয়া অর্থের মধ্যে বড় ব্যবধান রয়েছে। ২০৩৫ সাল নাগাদ এসব দেশের অভিযোজন খাতে বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অথচ সরকারি উৎস থেকে বর্তমানে এর প্রায় এক-দশমাংশ অর্থ পাওয়া যাচ্ছে বলে অধিবেশনে জানানো হয়।
বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়নে আনুমানিক ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। এ অর্থের বড় অংশের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে। অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জলবায়ু অর্থায়নকে ঋণনির্ভর না করে অনুদানভিত্তিক করতে হবে। অর্থায়ন হতে হবে স্বচ্ছ এবং সংশ্লিষ্ট দেশের জাতীয় পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বক্তারা বলেন, জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং ঐতিহাসিক দায়বদ্ধতা ও ন্যায্যতার বিষয়। জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী হলেও উন্নয়নশীল দেশগুলো এর ক্ষতির শিকার হচ্ছে সবচেয়ে বেশি। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও পরিবেশবান্ধব শিল্পায়নে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
বাংলাদেশ আশা করছে, কপ-৩১-এর বাকি আলোচনাগুলোতে এসব দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে এ অধিবেশন সহায়ক হবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত সম্মেলনের আলোচনা চলবে।