ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ‘রিজালুল ফজর’ আন্দোলন
ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে ওঠা, দলবেঁধে মসজিদে যাওয়া এবং জামাতে ফজরের নামাজ আদায়। এরপর একসঙ্গে সকালের নাশতা ও আনন্দঘন সময় কাটানো। শিশু-কিশোরদের মধ্যে এমন অভ্যাস গড়ে তুলতে শুরু হওয়া একটি ব্যতিক্রমী ধর্মীয় ও সামাজিক উদ্যোগ এখন বিশ্বজুড়ে আলোচনায়। ‘রিজালুল ফজর’ বা ‘ভোরের সৈনিক’ নামে পরিচিত এ উদ্যোগ অল্প সময়ের মধ্যে আলজেরিয়ার গণ্ডি পেরিয়ে বিভিন্ন আরব, মুসলিমপ্রধান দেশ এবং পশ্চিমা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়েছে।
আরবি ‘রিজালুল ফজর’ শব্দের অর্থ ‘ভোরের পুরুষ’ বা ‘ভোরের সৈনিক’। মূলত শিশু ও কিশোরদের ছোটবেলা থেকেই ফজরের নামাজ জামাতে আদায়ের অভ্যাস তৈরি করা, মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলা এবং ধর্মীয় অনুশাসনের পাশাপাশি শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা শেখানোই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়ার আইন এল কেবিরা এলাকায় এ উদ্যোগের অন্যতম সূচনা হয়। দেশটির সেতিফ প্রদেশের কোরআন শিক্ষক ওমর ইসাউই প্রায় চার বছর আগে মাত্র পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে এ কার্যক্রম শুরু করেন। শুরুতে ছোট পরিসরে পরিচালিত হলেও ধীরে ধীরে এতে শিশুদের অংশগ্রহণ বাড়তে থাকে। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের দলবেঁধে ফজরের নামাজে যাওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে উদ্যোগটি ব্যাপক পরিচিতি পায়।
উদ্যোগটির বিশেষত্ব হলো, শিশুদের শুধু নামাজে অংশগ্রহণে উৎসাহিত করেই দায়িত্ব শেষ করা হয় না। নামাজ শেষে তাদের জন্য সকালের নাশতার ব্যবস্থা করা হয়। নিয়মিত উপস্থিত থাকা শিশুদের দেওয়া হয় পুরস্কার ও বিশেষ স্বীকৃতি। কোথাও কোথাও খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনও রাখা হয়। এতে মসজিদে যাওয়া শিশুদের কাছে আনন্দের একটি অভিজ্ঞতায় পরিণত হচ্ছে।
আলজেরিয়া থেকে ২০টিরও বেশি দেশ
আলজেরিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর উদ্যোগটি বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে ছড়িয়ে পড়েছে। জর্ডানে এটি ‘নিশামা আল ফজর’, মরক্কোয় ‘ফুরসান আল ফজর’ এবং মিসরে ‘রিজালাত আল ফজর’ নামে পরিচিতি পেয়েছে।
এ ছাড়া কুয়েত, কাতার, জর্ডান, মিসর, মরক্কো, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, বাহরাইন, ইয়েমেন, ওমান, সুদান, লিবিয়া, লেবানন ও তুরস্কসহ বিভিন্ন দেশে এ ধরনের কর্মসূচি দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন এলাকাতেও উদ্যোগটির প্রভাব পড়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মুসলিম সম্প্রদায়ের মধ্যেও শিশু-কিশোরদের ফজরের জামাতে অংশগ্রহণে উৎসাহিত করার কার্যক্রম শুরু হয়েছে।
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে এ উদ্যোগ কিংবা এর অনুরূপ কর্মসূচি ছড়িয়ে পড়েছে। তবে সব দেশে একই নামে বা একই পদ্ধতিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে না। স্থানীয় পরিবেশ ও সংস্কৃতি অনুযায়ী আয়োজকেরা কর্মসূচিতে পরিবর্তন আনছেন।
কুয়েতে পাঁচ শতাধিক মুসল্লির অংশগ্রহণ
উদ্যোগটির জনপ্রিয়তার উল্লেখযোগ্য উদাহরণ দেখা গেছে কুয়েতে। দেশটির বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে গত শুক্রবার ফজরের নামাজে পাঁচ শতাধিক মুসল্লি অংশ নেন। তাদের মধ্যে বিপুলসংখ্যক শিশু, কিশোর ও অভিভাবক ছিলেন। মুসল্লিদের উপস্থিতি এত বেশি ছিল যে মসজিদের ভেতরের পাশাপাশি বাইরের আঙিনাতেও জায়গা পূর্ণ হয়ে যায়।
কুয়েতে এ কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখছেন সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত। ওই জামাতে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। অনুষ্ঠানে দেশটির যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমাসহ বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেন।
আয়োজকদের ভাষ্য, এ উদ্যোগ শুধু ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বাড়ানোর কর্মসূচি নয়। বরং শিশুদের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি, পরিবারকে ধর্মীয় চর্চায় সম্পৃক্ত করা এবং মসজিদকে তাদের দৈনন্দিন জীবনের অংশ করে তোলাই এর দীর্ঘমেয়াদি লক্ষ্য।
প্রশংসা করছেন ধর্মীয় ব্যক্তিত্বরা
‘রিজালুল ফজর’ উদ্যোগটি বিভিন্ন দেশের ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামি সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেছে। ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল-খলিলি শিশু-কিশোরদের মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায়ের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তিনি এ উদ্যোগে অভিভাবক, শিক্ষক ও আয়োজকদের ভূমিকার প্রশংসা করেছেন।
এ ছাড়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সও উদ্যোগটির প্রতি সমর্থন জানিয়েছে। সংগঠনটির মতে, শৈশব থেকেই শিশুদের মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি হলে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে ওঠার সুযোগ তৈরি হয়।
বিশেষজ্ঞ ও উদ্যোগটির সমর্থকদের মতে, শিশুদের শুধু ধর্মীয় শিক্ষা দিলেই হবে না, সেই শিক্ষার বাস্তব চর্চার পরিবেশও তৈরি করতে হবে। বন্ধুদের সঙ্গে মসজিদে যাওয়া, জামাতে নামাজ পড়া এবং নামাজ শেষে একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে শিশুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধনও শক্তিশালী হতে পারে।
শিশুদের নিরাপত্তা ও ঘুম নিয়েও আলোচনা
তবে উদ্যোগটির ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি কিছু বাস্তব বিষয় নিয়েও আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ভোরের অন্ধকারে শিশুদের মসজিদে যাতায়াতের নিরাপত্তা, পর্যাপ্ত ঘুম এবং পড়াশোনায় এর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
সমালোচকদের মতে, শিশুদের বয়স, শারীরিক সক্ষমতা ও বিশ্রামের বিষয়টি বিবেচনায় রেখেই এ ধরনের কর্মসূচি পরিচালনা করা প্রয়োজন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক বা দায়িত্বশীল বড়দের সঙ্গে থাকা জরুরি। একই সঙ্গে নিয়মিত উপস্থিতির জন্য পুরস্কার দেওয়ার ক্ষেত্রে শিশুদের ওপর যেন অতিরিক্ত চাপ তৈরি না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
অন্যদিকে, উদ্যোগটির সমর্থকদের বক্তব্য, শিশুদের জোর করে নয়, বরং ভালোবাসা, উৎসাহ ও আনন্দের মাধ্যমে মসজিদমুখী করতে হবে। ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি তাদের স্বাভাবিক শৈশব, বিশ্রাম ও পড়াশোনার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
সব মিলিয়ে ‘রিজালুল ফজর’ এখন কেবল একটি স্থানীয় ধর্মীয় কর্মসূচিতে সীমাবদ্ধ নেই। শিশু-কিশোরদের মসজিদমুখী করা, পরিবারকে ধর্মীয় চর্চায় সম্পৃক্ত করা এবং নতুন প্রজন্মের মধ্যে ফজরের নামাজের অভ্যাস গড়ে তোলার একটি আন্তর্জাতিক সামাজিক উদ্যোগে পরিণত হচ্ছে এটি। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে এ উদ্যোগের পরিচিতি বাড়ছে।