ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘কবিতায় মুক্তির পাঠ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৯ নভেম্বর ২০২৬
চবিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘কবিতায় মুক্তির পাঠ’
ছবি: ডেইলি বাংলাদেশ

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশেষ কবিতা পাঠের আসর ‘কবিতায় মুক্তির পাঠ’ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (চবিআস) আয়োজনে এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিন। সভাপতিত্ব করেন চবিআসের সভাপতি মোমতাহিনুল ইসলাম হাসনাত।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুমিন বলেন, ‘সাহিত্য নিয়ে যারা কাজ করেন, তারা নিঃসন্দেহে খুব উচ্চমনের বা ভালো মনের মানুষ। তাদের সঙ্গে থাকতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার।’

সভাপতির বক্তব্যে মোমতাহিনুল ইসলাম হাসনাত বলেন, ‘কবিতা হলো প্রতিবাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। এ জন্যই চবিআস কবিতার মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে।’ এ সময় তিনি সবাইকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে চবিআসের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবারই উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।’

কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সাহিত্য ও সংস্কৃতির প্রতিবাদী ভূমিকার বার্তা তুলে ধরে।

ডেইলি-বাংলাদেশ/চবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!