ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট
বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নিয়ম শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংগঠনটি।
তবে সপ্তাহের কোন তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
দোকান মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মার্কেটে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন, বিদ্যুৎ বিভ্রাট কমানো, প্রিপেইড মিটারে রিচার্জ করা অর্থের হিসাব এবং বিদ্যুৎ সংযোগের তার চুরি বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে।
যেসব মার্কেট সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে আগ্রহী, সরকার তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে। তবে প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নিতে হবে। এরপরও নিম্নমানের প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও সংশ্লিষ্ট স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে।
বৈঠকে দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ীরা। দোকান মালিক সমিতির দাবি, সারা দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এ সমস্যা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রীর কাছে দাবি জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। জবাবে মন্ত্রী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়েও গ্রাহকদের অসন্তোষের বিষয়টি বৈঠকে তুলে ধরে সমিতি। তাদের অভিযোগ, দুই হাজার টাকা রিচার্জ করার পর মিটারে তার চেয়ে অনেক কম টাকা দেখা যায়। এ ছাড়া মিটার ভাড়া বাতিল করা হলেও পরিপত্রের অভাবে এখনো তা কেটে নেওয়া হচ্ছে।
সমিতির প্রস্তাব, গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারের পর্দায় ঠিক তত টাকাই দেখাতে হবে। ডিমান্ড চার্জ, ভ্যাটসহ অন্যান্য খরচ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করতে হবে। সমিতির দাবি, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
এ ছাড়া বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের তার চুরির বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ১২ আগস্ট থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নিয়ম কার্যকর করা হয়। পরে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। ২৩ অক্টোবর থেকে আবার রাত ৮টার মধ্যে বন্ধের নিয়ম চালু হয়। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা আবার শিথিল করা হলো।