ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় নতুন কূপের তৃতীয় স্তরেও গ্যাস, সুফল নিয়ে আক্ষেপ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ২৯ নভেম্বর ২০২৬
ভোলায় নতুন কূপের তৃতীয় স্তরেও গ্যাস, সুফল নিয়ে আক্ষেপ
ভোলার নতুন গ্যাসকূপ নর্থ-৩। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় নতুন করে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই স্তর থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। এর মধ্য দিয়ে জেলার গ্যাসসম্পদের সম্ভাবনা আরও বাড়ল। তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও স্থানীয়ভাবে গ্যাসের সুফল না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে ভোলাবাসীর।

রোববার ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরে পরীক্ষা শুরু করে বাপেক্স। পরীক্ষায় আগের দুটি স্তরের মতো এখানেও গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক (উৎপাদন বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, চীনা প্রতিষ্ঠান সিনোপেকের মাধ্যমে খনন করা কূপটির গভীরতা ৩ হাজার ৫২৬ মিটার। খননকালে এতে তিনটি সম্ভাবনাময় স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। গত ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন সম্পন্ন হয়। সব প্রস্তুতি শেষে ১৫ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলও সন্তোষজনক পাওয়া গেছে।

প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে প্রকৃত উৎপাদন সক্ষমতা ও মজুদের পরিমাণ নিশ্চিত হতে তিনটি সম্ভাবনাময় স্তরেই পর্যায়ক্রমে পরীক্ষা চালানো হবে। গ্যাসের প্রবাহ ও চাপ যাচাইয়ের পরই এ বিষয়ে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় এখন পর্যন্ত তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। নতুন কূপ যুক্ত হওয়ায় এসব গ্যাসক্ষেত্রে কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। আগের ৯টি কূপে অবশিষ্ট গ্যাসের মজুদ রয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট। এসব কূপের দৈনিক উৎপাদন সক্ষমতা ১৮২ মিলিয়ন ঘনফুট। তবে বাস্তবে উত্তোলন হচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকেই প্রতিদিন উত্তোলন হচ্ছে প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

এদিকে ভোলায় চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পের আওতায় নতুন অনুসন্ধান কার্যক্রম চলছে। বাপেক্সের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী এসব কূপে গ্যাস পাওয়া গেলে দৈনিক উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। এতে বিদ্যমান সক্ষমতা ১৮২ মিলিয়ন থেকে বেড়ে ২৮২ মিলিয়ন ঘনফুটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ভোলার গ্যাসসম্পদ নিয়ে স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ আহমেদ বলেন, একের পর এক গ্যাসকূপের সন্ধান পাওয়া যাচ্ছে ভোলায়। মাটির নিচে থাকা এই বিপুল প্রাকৃতিক সম্পদ ভোলাসহ গোটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অথচ গ্যাসের এত বড় সম্ভাবনা থাকা সত্ত্বেও ভোলাবাসী এখনো এর প্রকৃত সুফল পাচ্ছে না।

তিনি বলেন, ভোলার গ্যাস দিয়ে প্রথমে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পকারখানা, সার কারখানাসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতির চাকা সচল হবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।

বাপেক্স ১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ২০০৯ সালে এ গ্যাসক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। এরপর ২০১৮ সালে ভোলা নর্থ গ্যাসক্ষেত্র এবং ২০২৩ সালে ভোলা সদর উপজেলার ইলিশায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। ইলিশা গ্যাসক্ষেত্রটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পায়।

সব মিলিয়ে ভোলার মাটির গভীরে রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাসসম্পদ। এই সম্পদ যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে কাজে লাগানো গেলে শুধু ভোলা নয়, জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখা সম্ভব। শিল্পায়ন, কর্মসংস্থান ও স্থানীয় উন্নয়নের যে সম্ভাবনা গ্যাসসম্পদকে ঘিরে তৈরি হয়েছে, তা বাস্তবে রূপ দিতে এখন প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!