ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত
শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে ইব্রাহিম সিপাহী (যুবলীগ কর্মী) নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
রোববার (২৯ নভেম্বর) ভোরে জাজিরা উপজেলার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। এদিকে অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজ উদ্দীন সিপাহীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা জমাদ্দার মোড়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণ, প্রায় ২৫টি মোটরসাইকেল ও একটি রেস্তোরাঁয় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
নিহত ইব্রাহিমের ভাবি লিজা বলেন, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে সড়কে দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় তার দেবরের বুকে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। ফোনে তিনি এ খবর জানতে পারেন।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বুকের বাঁ পাশে একটি ছিদ্র পাওয়া গেছে, যেখান থেকে রক্ত ঝরছিল। এ ছাড়া বাঁ চোখের ওপরেও আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, ইব্রাহিম সিপাহী গত তিন দিন ধরে বাড়িতে ছিলেন না। তবে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ হতো।